স্টাফ রিপোর্টার: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের (আরএনপিপি) প্রথম ইউনিট কমিশনিং লাইসেন্স পেয়েছে। বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ থেকে এ লাইসেন্স দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) প্রকল্প পরিচালক কবীর হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। এর ফলে কেন্দ্রটির প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া শুরু করা যাবে।
রাশিয়ার অর্থনৈতিক, প্রযুক্তিগত ও কারিগরি সহায়তায় নির্মিত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। এ প্রকল্পের জন্য ২০১৩ সালে সমীক্ষা এবং ২০১৫ সালে নির্মাণ চুক্তি স্বাক্ষরিত হয়।
প্রকল্পটিতে দুটি ইউনিট রয়েছে, প্রতিটির উৎপাদন ক্ষমতা ১২০০ মেগাওয়াট। ফলে কেন্দ্রটি থেকে মোট ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
প্রথম ইউনিটের নির্মাণকাজ শেষ হয়েছে এবং এখন উৎপাদন প্রক্রিয়া শুরুর প্রস্তুতি চলছে। দ্বিতীয় ইউনিটের নির্মাণকাজ এখনও চলমান, যা আগামী বছরের শেষ নাগাদ শেষ হতে পারে।
প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, পুরো প্রকল্পের কাজ ২০২৮ সালের মধ্যে সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি