শেরপুর প্রতিনিধি: বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে শেরপুরে অনুষ্ঠিত হয়েছে সচেতনতামূলক দৌড় প্রতিযোগিতা 'ব্লু ইউনিটি রান'। শেরপুর রানার্স কমিউনিটির উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় নারী-পুরুষসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় আড়াই শতাধিক দৌড়বিদ অংশ নেন।
শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় শেরপুর শহরের অর্কিড পর্যটন কেন্দ্র থেকে ৫ কিলোমিটার দূরত্বের এই প্রতিযোগিতার সূচনা হয়। বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো চত্বরে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
এসময় প্রতিযোগিতায় আরও অংশ শেরপুর ডায়াবেটিস সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া,শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম, জেলা জামায়াত নেতা গোলাম কিবরিয়া এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ,যুবদল নেতা শওকত সহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গও এতে অংশ নেন।
আয়োজকরা জানান, ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় মানুষকে উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের অভ্যাস গড়ে তোলাই এই আয়োজনের মূল লক্ষ্য। নিয়মিত হাঁটা ও দৌড়ের মতো শারীরিক কার্যক্রম ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
দৌড় শেষে অংশগ্রহণকারীরা স্বাস্থ্যসম্মত জীবনযাপনের বার্তা সবার মাঝে ছড়িয়ে দেন। সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন যে, এ ধরনের নিয়মিত আয়োজন শেরপুরে একটি স্বাস্থ্যসচেতন ও ক্রীড়াবান্ধব সমাজ গঠনে বিশেষ ভূমিকা রাখবে।
রিপোর্টার্স২৪/ঝুম