| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পেট্রোল পাম্পে কঠোর নজরদারির নির্দেশনা

পাম্পে দীর্ঘ সারি থেকে সড়কে নিত্য দুর্ভোগ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৭, ২০২৬ ইং | ১৪:৩৬:৫৯:অপরাহ্ন  |  ৫৯২ বার পঠিত
পাম্পে দীর্ঘ সারি থেকে সড়কে নিত্য দুর্ভোগ

রিপোর্টার্স২৪ ডেস্ক: মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। এর সরাসরি প্রভাব পড়েছে রাজধানীসহ সারা দেশের পেট্রোল পাম্পগুলোতে, যেখানে প্রতিদিনই দেখা যাচ্ছে গাড়ি ও মোটরসাইকেলের দীর্ঘ সারি। এই সারি মূল সড়কে ছড়িয়ে পড়ায় তৈরি হচ্ছে ভয়াবহ যানজট, ব্যাহত হচ্ছে স্বাভাবিক চলাচল।

রাজধানীর পল্টন, মহাখালী বাস টার্মিনাল সংলগ্ন এলাকা, তেজগাঁও, মগবাজার, আজিমপুর, নীলক্ষেত, গুলিস্তান ও মতিঝিলসহ বিভিন্ন এলাকার অন্তত ১০টি পেট্রোল পাম্প ঘুরে দেখা গেছে, বেশিরভাগ পাম্পের সামনে দীর্ঘ যানবাহনের লাইন। কোথাও কোথাও এই সারি একাধিক লেন দখল করে ফেলেছে।

মৎস্য ভবন এলাকার রমনা ফিলিং স্টেশনে সকাল থেকে রাত পর্যন্ত একই চিত্র দেখা গেছে। পাম্প থেকে শুরু হয়ে প্রেস ক্লাব–পল্টন সড়ক পর্যন্ত সারি পৌঁছে যায়, যার ফলে একটি লেন পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ থেকে শুরু করে চালকরাও।

একজন চালক জানান, ভোর থেকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও তেল পাওয়া যাচ্ছে না, আবার সড়কে দীর্ঘ যানজটের কারণে সময় নষ্ট হচ্ছে দ্বিগুণ।

মতিঝিল, তেজগাঁও ও মহাখালী এলাকায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। বিভিন্ন পাম্পের সামনে গাড়ির লাইন মূল সড়ক ছাড়িয়ে ফ্লাইওভার পর্যন্ত পৌঁছে যাচ্ছে, ফলে পুরো এলাকাজুড়ে যান চলাচল প্রায় অচল হয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার ট্রাফিক বিভাগকে কঠোর নজরদারি ও কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি পেট্রোল পাম্পগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে কঠোর মনিটরিংয়ের কথাও বলেন।

তবে রাজধানীর বাইরে পরিস্থিতি আরও উদ্বেগজনক। নারায়ণগঞ্জ, মাগুরা, চাঁপাইনবাবগঞ্জসহ বিভিন্ন জেলায় অনেক পাম্পে পর্যাপ্ত জ্বালানি না থাকায় আংশিক বা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। কোথাও কোথাও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরও খালি হাতে ফিরতে হচ্ছে গ্রাহকদের।

বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জে ডিজেলের সংকটে কৃষি খাতে দেখা দিয়েছে বড় ধরনের চাপ। সেচ ব্যবস্থায় বিঘ্ন ঘটায় ফসল উৎপাদন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

ঢাকায় ফুয়েল পাস চালু থাকলেও পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি। অনেক ক্ষেত্রে নির্ধারিত পাম্পেও দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে চালকদের।

এদিকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সাতজন কর্মকর্তাকে একযোগে বদলি করেছে, যা নিয়ে প্রশাসনিক মহলে নানা আলোচনা চলছে।

সব মিলিয়ে জ্বালানি সংকটের প্রভাব এখন শুধু পরিবহন নয়, কৃষি থেকে নগরজীবন সব ক্ষেত্রেই বড় ধরনের অস্থিরতা তৈরি করছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪