স্টাফ রিপোর্টার: আগামী বছর থেকে হজযাত্রীদের সুযোগ-সুবিধা বাড়ানোর পাশাপাশি হজের খরচ আরও কমানোর আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ আশ্বাস দেন।
হজযাত্রীদের দেশ ও জাতির কল্যাণে দোয়া করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশ ও দেশের মানুষের জন্য তারা যেন দোয়া করেন, যাতে আল্লাহ তাআলা সরকারকে সামনে থাকা বিভিন্ন সমস্যা ও বিপদ মোকাবিলায় তৌফিক দান করেন এবং জনকল্যাণে নেওয়া উদ্যোগগুলো সফলভাবে বাস্তবায়ন করা যায়।
তিনি আরও বলেন, আমরা সরকার গঠনের আগেই অন্তর্বর্তী সরকারের সময়েই এই হজ ব্যবস্থার বেশিরভাগ কাজ হয়ে গিয়েছিল। তারপরও যতটুকু সম্ভব আমরা চেষ্টা করেছি, অন্তত ১২ হাজার টাকা কমানোর চেষ্টা করেছি। আগামী বছর যাতে আরও খরচ কমাতে পারি, কম খরচে যাতে হজে পাঠানোর ব্যবস্থা করতে পারি, আপনারা দোয়া করবেন।
পরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ফ্লাইটে হজযাত্রীদের নিরাপদ যাত্রা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে তিনি বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জ হয়ে বেরিয়ে যান।
এর আগে রাত ১১টার দিকে বিমানবন্দর এলাকায় পৌঁছে তিনি রাজধানীর আশকোনা হজ ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, ধর্ম মন্ত্রণালয় এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/বাবি