রিপোর্টার্স২৪ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক নেত্রী রুমিন ফারহানা জানিয়েছেন, তাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)-তে যোগদানের গুঞ্জনের কোনো বাস্তব ভিত্তি নেই। তবে দলটির পক্ষ থেকে তাকে দলে ভেড়ানোর চেষ্টা করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
শুক্রবার জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলের বাংলা বিভাগের একটি টক শোতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, এটা একেবারেই গুঞ্জন, একেবারেই গুজব। এটার সঙ্গে ন্যূনতম কোনো সত্যতা নেই। তিনি স্পষ্ট করেন, এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যে আলোচনা বা প্রচার চলছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।
তিনি আরও জানান, বিএনপি থেকে বহিষ্কারের পর বিভিন্ন রাজনৈতিক দল তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে। সেই ধারাবাহিকতায় এনসিপির পক্ষ থেকেও তাকে একাধিকবার দলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়।
তার ভাষায়, “বিএনপি ছেড়ে দেওয়া বা বিএনপি থেকে বহিষ্কার হয়ে যাওয়ার পরে অবশ্যই অন্য অনেক দল যোগাযোগ করবে। সেই ধারাবাহিকতায় এনসিপিও কিছুটা করেছে। ওরা বারবারই বলেছে আপা চলে আসেন আমাদের সাথে, আমরা একসাথে কাজ করি। আপনি জুলাই মাঠে ছিলেন, আপনার বাসা ভাঙচুর হয়েছে, আপনি একজন ফ্রন্টলাইনার আপনি আমাদের সঙ্গে যুক্ত হন। আমি তাদের এই প্রস্তাবে হেসেছি, বিষয়টি নিয়ে আর এগোয়নি।
এনসিপিতে যোগ দিলে সংসদে কথা বলার আরও সুযোগ তৈরি হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শুধুমাত্র কথা বলার সুযোগের জন্য তিনি কোনো দলে যোগ দেবেন না। “কথা বলার জন্য অসংখ্য প্ল্যাটফর্ম রয়েছে, যেখানে আমি আমার বক্তব্য তুলে ধরতে পারি। কিন্তু আমার নিজস্ব রাজনৈতিক আদর্শ, চিন্তাভাবনা ও পরিকল্পনা বিসর্জন দিয়ে কেবল সংসদে দুই মিনিট কথা বলার সুযোগ পাওয়ার জন্য কোনো দলে যোগ দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, বলেন তিনি।
রুমিন ফারহানা তার রাজনৈতিক অবস্থান ও আদর্শে অটল থাকার কথাও পুনর্ব্যক্ত করেন।
রিপোর্টার্স২৪/ঝুম