রিপোর্টার্স২৪ডেস্ক: দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও স্বচ্ছ, আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে ‘ফুয়েল পাস’ (Fuel Pass BD) মোবাইল অ্যাপের কার্যক্রম সম্প্রসারণ করেছে সরকার। রাজধানী ঢাকায় পরীক্ষামূলকভাবে চালুর পর এবার আরও ৬ জেলায় এই অ্যাপের পাইলটিং কার্যক্রম বিস্তৃত করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিকভাবে রাজধানীর ৭টি ফিলিং স্টেশনে ‘ফুয়েল পাস’ অ্যাপের ব্যবহার চালু করা হলেও আজ থেকে তা বাড়িয়ে ঢাকার ১৮টি পেট্রল পাম্পে সম্প্রসারণ করা হয়েছে। একই সঙ্গে ঢাকার বাইরে আরও কয়েকটি জেলায় এই পাইলট প্রকল্প চালু করা হয়েছে।
অ্যাপটির কার্যক্রম বিস্তারের অংশ হিসেবে মোটরসাইকেল নিবন্ধনের জন্য ঢাকা জেলা ছাড়াও চাঁদপুর, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী ও ময়মনসিংহসহ সংশ্লিষ্ট মেট্রোপলিটন এলাকাগুলো উন্মুক্ত করা হয়েছে। ফলে এসব জেলায় নিবন্ধিত মোটরসাইকেল এখন থেকে ‘ফুয়েল পাস’ সিস্টেমে অন্তর্ভুক্ত হয়ে ডিজিটাল পদ্ধতিতে জ্বালানি গ্রহণ করতে পারবে।
মন্ত্রণালয় জানিয়েছে, পর্যায়ক্রমে দেশের সব জেলায় এই কার্যক্রম সম্প্রসারণ করা হবে, যা জ্বালানি ব্যবস্থাপনায় অনিয়ম রোধ ও সুষ্ঠু বিতরণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আবেদন প্রক্রিয়া:
‘ফুয়েল পাস’ সেবা পেতে প্রথমে গুগল প্লে স্টোর থেকে Fuel Pass BD অ্যাপটি মোবাইল ফোনে ডাউনলোড ও ইনস্টল করতে হবে। এরপর অ্যাপে প্রবেশ করে মোবাইল নম্বর ভেরিফিকেশন সম্পন্ন করে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বরসহ প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। সবশেষে পাসওয়ার্ড সেট করার মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হবে।
সংশ্লিষ্টরা আশা করছেন, প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে।
রিপোর্টার্স২৪/ঝুম