রিপোর্টার্স২৪ডেস্ক: রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) পরিচালনা পর্ষদের নির্বাচন শুরু হয়েছে। দীর্ঘদিন পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচন ঘিরে দেশের আবাসন খাতে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক আগ্রহ।
শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও সিসিটিভি ফুটেজে ত্রুটি দেখা দেওয়ায় কিছুটা বিলম্ব ঘটে। পরে সকাল ১০টা ৪০ মিনিটে আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু হয়। ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এবারের নির্বাচনে সভাপতি, ৬ জন সহসভাপতি ও ১৯ জন পরিচালকসহ মোট ২৯টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭৭ জন প্রার্থী। মোট ভোটার সংখ্যা ৬৭৪ জন, যার মধ্যে ঢাকার ৬১৩ জন এবং চট্টগ্রামের ৬১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠেছে তিনটি প্যানেলকে ঘিরে। এগুলো হলো আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ, প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ এবং জাগরণ প্যানেল। এর মধ্যে ঐক্য পরিষদ ও প্রগতিশীল প্যানেল পূর্ণাঙ্গ তালিকা দিয়েছে, তবে জাগরণ প্যানেল আংশিকভাবে অংশ নিচ্ছে। পাশাপাশি সভাপতি ও পরিচালক পদে একাধিক স্বতন্ত্র প্রার্থী থাকায় প্রতিযোগিতা আরও তীব্র হয়েছে।
ভোটগ্রহণ শুরুর পর থেকেই ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রার্থীরাও শেষ মুহূর্তে ভোটারদের সমর্থন আদায়ে কেন্দ্রের আশপাশে সক্রিয় অবস্থান নিতে দেখা গেছে।
খাত সংশ্লিষ্টরা বলছেন, এবারের নির্বাচন শুধু নেতৃত্ব নির্বাচনের বিষয় নয়; বরং এটি সংগঠনের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কার্যকর নেতৃত্ব নির্বাচিত হলে দেশের আবাসন খাত আরও গতিশীল হবে এবং সদস্যদের স্বার্থ সুরক্ষায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
উল্লেখ্য, একসময় রিহ্যাব নির্বাচন ছিল নিয়মিত ও উৎসবমুখর আয়োজন। তবে ২০১৪ সালের পর দীর্ঘ সময় সমঝোতার ভিত্তিতে কমিটি গঠিত হয়। পরে ২০২৪ সালে আবারও ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের ধারা শুরু হয়, যার ধারাবাহিকতায় এবারও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
ভোটগ্রহণ শেষে কিছু সময় বিরতি দিয়ে ভোট গণনা শুরু হবে। গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে।
রিপোর্টার্স২৪/ঝুম