রিপোর্টার্স২৪ ডেস্ক: চলতি বছরের হজ কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩০০১ ফ্লাইটটি সৌদি আরবের স্থানীয় সময় ভোর ৪টা ২০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এ ফ্লাইটে মোট ৪১৯ জন বাংলাদেশি হজযাত্রী ছিলেন।
বিমানবন্দরে পৌঁছালে হজযাত্রীদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন এবং কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলাম। হজযাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাদের হাতে রিফ্রেশমেন্ট কিট তুলে দেওয়া হয়।
এছাড়া অভ্যর্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেদ্দায় বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন, সহকারী মৌসুমি হজ অফিসার মো. রুহুল আমিন, জেদ্দা হজ টার্মিনালের হেড অব অপারেশন ইহাহিয়া রাদি এবং সৌদি প্রতিষ্ঠান নুসুক মারহাবার ম্যানেজার রায়েদ বাকশাউনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উল্লেখ্য, হজ ফ্লাইট কার্যক্রম ২০২৬ উদ্বোধন করা হয় শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
হজ ব্যবস্থাপনা সংশ্লিষ্টরা জানিয়েছেন, ধারাবাহিকভাবে অন্যান্য ফ্লাইটের মাধ্যমে বাংলাদেশি হজযাত্রীরা সৌদি আরবে পৌঁছাবেন।
রিপোর্টার্স২৪/ঝুম