| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মন্ত্রী সাহেব প্রশংসা একটু কম কইরেন, স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৮, ২০২৬ ইং | ১৪:৩৩:৪২:অপরাহ্ন  |  ৬৩৮ বার পঠিত
মন্ত্রী সাহেব প্রশংসা একটু কম কইরেন, স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা (ইউএইচএফপিও) সম্মেলনে এক মুহূর্তের হাস্যরসের জন্ম দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলের বক্তব্য চলাকালে অতিরিক্ত প্রশংসা প্রসঙ্গে প্রধানমন্ত্রী তাকে উদ্দেশ করে বলেন, মন্ত্রী সাহেব প্রশংসা একটু কম কইরেন।

শনিবার (১৮ এপ্রিল) আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বাস্থ্যমন্ত্রী তার বক্তব্যে বারবার প্রধানমন্ত্রীর বিভিন্ন উন্নয়ন ও কার্যক্রমের প্রশংসা করলে তিনি এ মন্তব্য করেন। মুহূর্তেই মিলনায়তনে উপস্থিত সবাই করতালিতে ফেটে পড়েন।

পরিস্থিতি হালকা করতে স্বাস্থ্যমন্ত্রী পরে বলেন, “আমি যতটুকু বলেছি, তার চেয়ে বেশি কিছু বলিনি, আপনি যেটা ভাবছেন সেটা অতটা নয়।”

এর আগে বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, দেশের জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করতে হলে সবাইকে পরিবর্তনের অংশ হতে হবে এবং মানবসেবাকে কেন্দ্রবিন্দুতে রাখতে হবে। তিনি জানান, সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে, যার মাধ্যমে স্বাস্থ্য খাতসহ সব ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নিরলসভাবে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন এবং দেশের উন্নয়ন নিয়ে দীর্ঘ সময় ধরে কাজ করছেন। তার এই অব্যাহত প্রচেষ্টার ফলেই তিনি একজন সফল রাজনৈতিক নেতৃত্ব হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃতি পেয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

মন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী গ্রাম পর্যায়ের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনে আগ্রহী এবং তাদের অভিজ্ঞতা ও মতামতকে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, “মাঠপর্যায়ের চিকিৎসক ও কর্মকর্তাদের বিকল্প নেই। তাদের কাজের পরিবেশ উন্নয়ন ও সমন্বয় বাড়ানোই সরকারের অগ্রাধিকার।”

অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে সবাইকে জনগণের সেবায় নিবেদিত হতে হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪