রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, সরকার গঠনের পর মাত্র দুই মাসের মধ্যেই নির্বাচনের আগে দেওয়া ইশতেহার বাস্তবায়নের চেষ্টা জনগণের মধ্যে আস্থা তৈরি করেছে। তার মতে, এই আস্থা ভবিষ্যতে আরও বাড়বে এবং দেশে আর কোনো অগণতান্ত্রিক কর্মকাণ্ড ঘটবে না।
শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ফারুক বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী সরকার বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে। তিনি দাবি করেন, সরকার যেভাবে প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে অগ্রসর হচ্ছে, তা অব্যাহত থাকলে জনগণের আস্থা আরও বৃদ্ধি পাবে।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করে তিনি বলেন, ১৯৭১ সালের সংকটময় সময়ে স্বাধীনতার ঘোষণার মাধ্যমে তিনি জাতিকে দিকনির্দেশনা দিয়েছিলেন, যা মুক্তিযুদ্ধকে আরও বেগবান করে।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বের প্রশংসা করে ফারুক বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও তিনি দলকে সংগঠিত রেখেছেন এবং গণতন্ত্রের পক্ষে আন্দোলন চালিয়ে গেছেন।
তিনি আরও বলেন, জিয়াউর রহমানের আদর্শই তাকে রাজনীতিতে টিকে থাকতে অনুপ্রাণিত করেছে। জিয়ার মৃত্যুর পর খালেদা জিয়া দলের নেতৃত্ব গ্রহণ করে তিনবার প্রধানমন্ত্রী হন এবং গণতন্ত্রের পক্ষে সংগ্রাম অব্যাহত রাখেন।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করে ফারুক বলেন, তারেক রহমানের নেতৃত্বে দল ও সরকার দেশের উন্নয়ন এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করছে। ইশতেহারের প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়িত হলে জনগণের জীবনমান উন্নত হবে, বেকারত্ব কমবে এবং সার্বিক উন্নয়ন নিশ্চিত হবে।
তিনি অভিযোগ করেন, অতীতে গুম, খুন ও রাজনৈতিক নির্যাতনের ঘটনা ঘটেছে এবং এসব ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা প্রয়োজন। গণতন্ত্র, মানুষের অধিকার ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি সবসময় ভূমিকা রেখে আসছে বলেও তিনি দাবি করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সেলিম রেজা বাবু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শিপন বকাউল। আরও উপস্থিত ছিলেন মৎস্যজীবী দলের কেন্দ্রীয় সদস্য ইসমাইল হোসেন সিরাজীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
রিপোর্টার্স২৪/ঝুম