| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লিবিয়ার উপকূলে এক বাংলাদেশি সহ ১৭ মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৯, ২০২৬ ইং | ০৭:৫০:৩৮:পূর্বাহ্ন  |  ৪১৯ বার পঠিত
লিবিয়ার উপকূলে এক বাংলাদেশি সহ ১৭ মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক: লিবিয়ার রাজধানী ত্রিপোলির পশ্চিমাঞ্চলীয় একটি উপকূলীয় শহরের নিকটবর্তী তীর থেকে গত কয়েক দিনে অন্তত ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা সবাই অভিবাসী বলে ধারণা করা হচ্ছে।

শনিবার ত্রিপোলিভিত্তিক চিকিৎসকদের একটি দল জানিয়েছে, উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে একজন বাংলাদেশিকে শনাক্ত করা হয়েছে।

লিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্থ ইমার্জেন্সি মেডিসিন অ্যান্ড সাপোর্ট সেন্টার জানায়, ত্রিপোলি থেকে প্রায় ১১৭ কিলোমিটার পশ্চিমে জুওয়ারা উপকূল থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়।

সেন্টারটির তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া ১৭ জনের মধ্যে ১৪ জনের মরদেহ যথাযথ নিয়মে দাফন করা হয়েছে। শনাক্ত হওয়া বাংলাদেশি নাগরিকের মরদেহ ত্রিপোলিতে অবস্থানরত তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি দুই মরদেহের পরিচয় এখনো জানা যায়নি।

সেন্টারের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত ছবিতে দেখা যায়, উদ্ধারকারী চিকিৎসাকর্মীরা মরদেহগুলো সাদা প্লাস্টিকের ব্যাগে ভরে অ্যাম্বুলেন্সে তুলছেন।

২০১১ সালে নেটো-সমর্থিত বিদ্রোহে তৎকালীন শাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকেই লিবিয়া ইউরোপগামী অভিবাসীদের প্রধান ট্রানজিট রুটে পরিণত হয়েছে। যুদ্ধ ও দারিদ্র্য থেকে বাঁচতে আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশের মানুষ লিবিয়া হয়ে ঝুঁকিপূর্ণ মরুভূমি ও ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪