| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পোশাক রপ্তানিতে আবারও বাংলাদেশকে পেছনে ফেলে ভিয়েতনাম দ্বিতীয়

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৯, ২০২৬ ইং | ০৮:৪৮:২৩:পূর্বাহ্ন  |  ৬১৬ বার পঠিত
পোশাক রপ্তানিতে আবারও বাংলাদেশকে পেছনে ফেলে ভিয়েতনাম দ্বিতীয়

সিনিয়র রিপোর্টার: দশকের পর দশক ধরে বৈশ্বিক তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ অবস্থান ধরে রেখেছে চীন। সেই তালিকায় দীর্ঘদিন দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশ ২০২৫ সালে আবারও পিছিয়ে পড়েছে। প্রতিদ্বন্দ্বী দেশ ভিয়েতনাম এবার দ্বিতীয় স্থান দখল করেছে, যা দেশের রপ্তানি খাতে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

ভিয়েতনামের জাতীয় পরিসংখ্যান দপ্তর ও বাংলাদেশের রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশ ৩৮ দশমিক ৮২ বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে। অন্যদিকে ভিয়েতনামের রপ্তানি দাঁড়িয়েছে ৩৯ দশমিক ৬৪ বিলিয়ন ডলার। অর্থাৎ বাংলাদেশ প্রায় ৮১৭ মিলিয়ন ডলার কম আয় করে তৃতীয় স্থানে নেমে গেছে।

এর আগে ২০২০ সালেও একবার বাংলাদেশ দ্বিতীয় অবস্থান হারিয়েছিল। সে বছর বাংলাদেশের রপ্তানি ছিল ২৭ দশমিক ৪৭ বিলিয়ন ডলার, যেখানে ভিয়েতনাম রপ্তানি করে ২৯ দশমিক ৮০ বিলিয়ন ডলার। তবে পরবর্তী বছরগুলোতে ঘুরে দাঁড়িয়ে ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত আবার দ্বিতীয় অবস্থান ধরে রাখে বাংলাদেশ। ২০২৫ সালে পুনরায় সেই অবস্থান হারাল।

চায়না কাস্টমস স্ট্যাটিস্টিক্সের তথ্য বলছে, ২০২৫ সালে এককভাবে শীর্ষে থাকা চীনের পোশাক ও সংশ্লিষ্ট পণ্যের রপ্তানি ১৫১ বিলিয়ন ডলার ছাড়িয়েছে, যা বিশ্ববাজারে তাদের আধিপত্য আরও দৃঢ় করেছে।

ভিয়েতনামের এগিয়ে যাওয়ার কারণ:

বিশ্লেষকদের মতে, ভিয়েতনামের সাফল্যের মূল শক্তি তাদের বহুমুখী পণ্যের পোর্টফোলিও। দেশটি শুধু বেসিক গার্মেন্টস নয়, উচ্চ ও মধ্যম মানের পোশাক, সিনথেটিক ও স্পোর্টসওয়্যারসহ বিভিন্ন ধরনের পণ্য উৎপাদনে জোর দিয়েছে।

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সিনিয়র গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, বাংলাদেশ এখনো সীমিত কয়েকটি পণ্যের ওপর নির্ভরশীল, যা রপ্তানিতে ঝুঁকি বাড়াচ্ছে এবং নমনীয়তা কমাচ্ছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতির ফলে চীনা পণ্যের ওপর বাড়তি চাপ তৈরি হওয়ায় ভিয়েতনাম সেই সুযোগ কাজে লাগাতে সক্ষম হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একাধিক মুক্ত বাণিজ্য চুক্তিও দেশটির বাজার সম্প্রসারণে বড় ভূমিকা রেখেছে।

কাঠামোগত সুবিধায় এগিয়ে ভিয়েতনাম:

বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, কাঁচামাল সংগ্রহ ও সরবরাহ ব্যবস্থায় ভিয়েতনাম অনেক এগিয়ে। তারা চীন থেকে এক সপ্তাহের মধ্যে কাঁচামাল সংগ্রহ করতে পারে, যেখানে বাংলাদেশে একই প্রক্রিয়ায় প্রায় এক মাস সময় লাগে। ফলে লিড টাইম বেড়ে যায় এবং ক্রেতারা বিকল্প বাজারের দিকে ঝুঁকে পড়ে।

এছাড়া উন্নত বন্দর ব্যবস্থা, দ্রুত লজিস্টিকস, শক্তিশালী শিল্প অবকাঠামো এবং উচ্চ মাত্রার বিদেশি বিনিয়োগ ভিয়েতনামকে প্রতিযোগিতায় বাড়তি সুবিধা দিয়েছে।

বাংলাদেশের দুর্বলতা কোথায়:

বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের প্রধান দুর্বলতা হলো দীর্ঘ লিড টাইম, সীমিত ব্যাকওয়ার্ড লিংকেজ, ম্যান-মেড ফাইবারভিত্তিক পণ্যে কম মনোযোগ এবং প্রযুক্তিগত দক্ষতার ঘাটতি। একই সঙ্গে উচ্চ সুদের হার, জ্বালানি সংকট ও উৎপাদন ব্যয় বৃদ্ধিও প্রতিযোগিতার সক্ষমতা কমাচ্ছে।

স্নোটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এসএম খালেদ বলেন, ভিয়েতনাম ইতোমধ্যে উচ্চমূল্য সংযোজন পণ্যে এগিয়ে গেছে। বিপরীতে বাংলাদেশ এখনো মূলত কম দামের বেসিক পোশাক উৎপাদনের ওপর নির্ভরশীল।

সামনে যে চ্যালেঞ্জ:

বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, বাংলাদেশ শিগগিরই স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ করবে। এতে শুল্কমুক্ত বাজার সুবিধা কমে যেতে পারে, যা রপ্তানিতে নতুন চাপ তৈরি করবে। অন্যদিকে ভিয়েতনাম ইতোমধ্যে শক্তিশালী বাণিজ্য চুক্তির মাধ্যমে নিজেদের অবস্থান সুসংহত করেছে।

উত্তরণের পথ কী:

অর্থনীতিবিদদের মতে, প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বাংলাদেশকে বহুমুখী পণ্য উৎপাদনে যেতে হবে। পাশাপাশি ম্যান-মেড ফাইবারে বিনিয়োগ বাড়ানো, সরবরাহ শৃঙ্খল উন্নত করা, প্রযুক্তি গ্রহণ এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণের ওপর জোর দিতে হবে।

সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, বিদেশি বিনিয়োগ শুধু মূলধনই নয়, প্রযুক্তি ও দক্ষতা নিয়ে আসে, যা শিল্পের আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সংশ্লিষ্টরা মনে করছেন, দ্রুত নীতিগত সংস্কার, অবকাঠামো উন্নয়ন এবং বৈশ্বিক ভ্যালু চেইনের সঙ্গে গভীর সংযুক্তি গড়ে তুলতে পারলে বাংলাদেশ আবারও বৈশ্বিক তৈরি পোশাক রপ্তানিতে শক্ত অবস্থান ফিরে পেতে পারে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪