| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আগামীকাল বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৯, ২০২৬ ইং | ১০:১৭:৫৬:পূর্বাহ্ন  |  ৩৩০ বার পঠিত
আগামীকাল বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। প্রায় দেড়শ বছরের পুরোনো বগুড়া পৌরসভা এবার রূপ নিতে যাচ্ছে সিটি করপোরেশনে। আগামী সোমবার (২০ এপ্রিল) তারেক রহমান বগুড়ায় গিয়ে আনুষ্ঠানিকভাবে বগুড়া সিটি করপোরেশনের উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, তাঁর প্রটোকল অফিসার-১ উজ্জ্বল হোসেন-এর বরাত দিয়ে প্রকাশিত সফরসূচি অনুযায়ী, সোমবার বেলা ১১টায় এই বহুল প্রতীক্ষিত ঘোষণা দেওয়া হবে।

ঐতিহাসিকভাবে বগুড়ার প্রশাসনিক যাত্রা শুরু হয় ব্রিটিশ আমলে। ১৮২১ সালে জেলায় উন্নীত হওয়ার পর ১৮৬৯ সালে গঠিত হয় টাউন কমিটি, যার চেয়ারম্যান ছিলেন ব্রিটিশ নাগরিক ডব্লিউ ওয়াভেল। পরে ১৮৭৬ সালের ১ জুলাই গঠিত হয় বগুড়া মিউনিসিপালিটি, যার প্রথম প্রশাসক ছিলেন জো হোয়াইটম্যান।

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বগুড়া পৌরসভার আয়তন ও গুরুত্ব বাড়লেও সিটি করপোরেশনে উন্নীত হওয়ার দাবি দীর্ঘদিন অপূর্ণই থেকে যায়। ১৯৮১ সালে পৌরসভার আয়তন বাড়িয়ে ‘ক’ শ্রেণিতে উন্নীত করা হয়। এরপর ২০০৬ সালে বেগম খালেদা জিয়া সরকারের আমলে পৌরসভার পরিধি বাড়িয়ে ৬৯.৫৬ বর্গকিলোমিটার করা হয় এবং ওয়ার্ড সংখ্যা ২১-এ উন্নীত হয়।

এরপরও নানা জটিলতা ও রাজনৈতিক সিদ্ধান্তহীনতার কারণে বগুড়া সিটি করপোরেশনে রূপ নিতে পারেনি। যদিও একই সময়ে দেশের বিভিন্ন পৌরসভা যেমন রংপুর, কুমিল্লা, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশনে উন্নীত হয়েছে, তবুও দেশের অন্যতম বৃহৎ পৌরসভা হয়েও বগুড়া পিছিয়েই ছিল।

স্থানীয়দের মতে, আয়তন, জনসংখ্যা ও রাজস্ব সবদিক থেকেই যোগ্যতা অর্জন করার পরও শুধু রাজনৈতিক সদিচ্ছার অভাবেই এতদিন বাস্তবায়ন হয়নি এই দাবি।

পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে তৎকালীন জেলা প্রশাসক হোসনা আফরোজা বগুড়াকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রস্তাব দেন। এরপর গণবিজ্ঞপ্তি, স্থানীয় মতামত ও আপত্তি নিষ্পত্তির মাধ্যমে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করা হয়।

সর্বশেষ, প্রাক-নিকার কমিটির সভায় বগুড়া সিটি করপোরেশন গঠনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এ বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বগুড়া-২ আসনের সংসদ সদস্য মীর শাহে আলম জানান, প্রধানমন্ত্রী বগুড়ায় এসে এ বিষয়ে বিস্তারিত ঘোষণা দেবেন।

দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে চলায় বগুড়াবাসীর মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ ও উচ্ছ্বাস।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪