| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অব্যবহৃত ২০০ সরকারি ভবন হাসপাতাল ও মাতৃসদনে রূপান্তর হবে: সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২২, ২০২৬ ইং | ১৭:৪৩:১৪:অপরাহ্ন  |  ৩৫৭ বার পঠিত
অব্যবহৃত ২০০ সরকারি ভবন  হাসপাতাল ও মাতৃসদনে রূপান্তর হবে: সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা
ছবির ক্যাপশন: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: জাতীয় সংসদে জনকল্যাণমুখী একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, দেশের বিভিন্ন শহরে দীর্ঘদিন ধরে অব্যবহৃত পড়ে থাকা ২০০টি সরকারি ভবনকে হাসপাতাল ও মাতৃসদন ক্লিনিকে রূপান্তর করা হবে।

সংসদের অধিবেশনটি স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের ভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে এসব ভবন দ্রুত স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হবে এবং আগামী দুই মাসের মধ্যেই এগুলোকে কার্যকর স্বাস্থ্যসেবা কেন্দ্রে রূপান্তরের কাজ শুরু হবে।

স্বাস্থ্যখাতের চলমান চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার নানা পদক্ষেপ নিয়েছে উল্লেখ করে তিনি জানান, অতীতে হামের টিকা আমদানিতে যে ঘাটতি ছিল, তা কাটিয়ে উঠতে ইউনিসেফ’র সহযোগিতায় দ্রুত টিকাদান কর্মসূচি জোরদার করা হচ্ছে। প্রায় দুই কোটি শিশুকে এই টিকার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি টেস্ট কিটের সংকট নিরসনেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কৃষিখাতে আধুনিকায়নের অংশ হিসেবে ২ কোটি ৭৫ লাখ কৃষককে পর্যায়ক্রমে একটি বিশেষ কার্ড দেওয়ার পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। এই কার্ডের মাধ্যমে কৃষকরা একসঙ্গে ১০টি গুরুত্বপূর্ণ সেবা পাবেন। এছাড়া আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন, কৃষিযন্ত্রে ভর্তুকি, ন্যানো সার ব্যবহার এবং কোল্ডস্টোরেজ স্থাপনের মাধ্যমে কৃষি খাতকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সংসদ সদস্যদের জন্য বিলাসিতা কমানোর ঘোষণাও দেন সরকারপ্রধান। তিনি বলেন, এখন থেকে কোনো সংসদ সদস্য ট্যাক্স-ফ্রি গাড়ি বা সরকারি প্লট সুবিধা গ্রহণ করবেন না। প্রয়োজন অনুযায়ী সরকারি কাজে সরকারি গাড়ি ব্যবহার করা যাবে, তবে তা ব্যক্তিগত সম্পদ হিসেবে বিবেচিত হবে না। বর্তমানে গাড়ি রক্ষণাবেক্ষণের জন্য যে ভাতা রয়েছে, তা বহাল থাকবে।

এছাড়া শিশুদের কল্যাণে চলতি অর্থবছরে দুই লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস, পাটের ব্যাগ ও জুতা দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নের পাশাপাশি আইনের শাসন, মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। একই সঙ্গে সারের কৃত্রিম সংকট তৈরি বা বাজারে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪