রিপোর্টার্স২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে অসৌজন্যমূলক আচরণের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আব্দুল মান্নানকে বিচারিক ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) প্রধান বিচারপতির দফতর থেকে এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, সুপ্রিম কোর্টের নতুনভাবে পুনর্গঠিত বেঞ্চ এবং দৈনন্দিন কার্যতালিকা (কজলিস্ট) থেকেও তার নাম বাদ দেওয়া হয়েছে। ফলে আপাতত তিনি কোনো বিচারিক কার্যক্রমে অংশ নিতে পারবেন না।
প্রধান বিচারপতির দফতর সূত্রে জানা গেছে, গত ৩ এপ্রিল কুমিল্লায় একটি অনুষ্ঠানে এপেক্স ক্লাবের নির্বাচনকে কেন্দ্র করে বিচারপতি আব্দুল মান্নান অপেশাদার আচরণ করেন। সেখানে তিনি নির্বাচন বন্ধের চেষ্টা করতে গিয়ে উপস্থিতদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং উচ্চস্বরে চিৎকার করেন বলে অভিযোগ ওঠে।
পরবর্তীতে ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে ঘিরে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিচার বিভাগের মর্যাদা ও শৃঙ্খলা রক্ষার স্বার্থে কঠোর অবস্থান নেয় প্রধান বিচারপতির দফতর।
উল্লেখ্য, বিচারপতি মো. আব্দুল মান্নান ২০২৪ সালের ৯ অক্টোবর হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি পিরোজপুর জেলার জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
রিপোর্টার্স২৪/ঝুম