| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দ্বিতীয় রিফাইনারি না থাকায় জ্বালানি সংকট জটিল হয়েছে: সেনাপ্রধান

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৩, ২০২৬ ইং | ১৫:১৩:৪৯:অপরাহ্ন  |  ৩৪২ বার পঠিত
দ্বিতীয় রিফাইনারি না থাকায় জ্বালানি সংকট জটিল হয়েছে: সেনাপ্রধান

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, স্বাধীনতার ৫৪-৫৫ বছর পার হলেও দেশে দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায় জ্বালানি পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) আয়োজিত ‘ক্যাপস্টোন কোর্স ২০২৬/১’-এর সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেনাপ্রধান বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতি অত্যন্ত চ্যালেঞ্জিং। নিত্যনতুন সংকট তৈরি হওয়ায় জ্বালানি নিরাপত্তা এখন একটি বড় ইস্যুতে পরিণত হয়েছে। দেশে একমাত্র ইস্টার্ন রিফাইনারির ওপর নির্ভরতার কারণে চাহিদার তুলনায় সীমিত পরিমাণ তেল পরিশোধন সম্ভব হচ্ছে, ফলে উচ্চমূল্যে জ্বালানি আমদানি করতে হচ্ছে।

তিনি আরও বলেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও দ্বিতীয় রিফাইনারি স্থাপন না হওয়ায় দেশের জ্বালানি খাতে সংকট আরও গভীর হয়েছে।

আন্তর্জাতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কেন্দ্রিক উত্তেজনা এবং হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ অঞ্চলের অস্থিতিশীলতার কথা উল্লেখ করেন। এসব ঘটনার প্রভাব বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় পড়ে, যার সরাসরি প্রভাব ভোগ করতে হয় সাধারণ মানুষকে।

প্রতিরক্ষা খাত নিয়ে বক্তব্যে সেনাপ্রধান বলেন, বাংলাদেশ যেহেতু সমুদ্রপথনির্ভর আমদানি-রপ্তানির ওপর নির্ভরশীল, তাই নৌবাহিনীর সক্ষমতা আরও বাড়ানো জরুরি। একইসঙ্গে বিমানবাহিনীর আধুনিকায়নের প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন।

তিনি আরও বলেন, রোহিঙ্গা সংকট একটি জাতীয় সমস্যা, যা সমাধানে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

সেনাপ্রধান জোর দিয়ে বলেন, “আমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নেই যুদ্ধ করার জন্য নয়, বরং যুদ্ধ এড়ানোর জন্য।” তার মতে, শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়া কার্যকর পররাষ্ট্রনীতি বাস্তবায়ন সম্ভব নয়।

অনুষ্ঠানে তিনি এনডিসির এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম আরও বাড়ানোর আহ্বান জানান এবং অংশগ্রহণকারীদের অর্জিত জ্ঞান জাতীয় উন্নয়ন ও নিরাপত্তায় কাজে লাগানোর আহ্বানও জানান।

গত ৫ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত তিন সপ্তাহব্যাপী এই ক্যাপস্টোন কোর্সে মোট ৪৫ জন ফেলো অংশগ্রহণ করেন। তাদের মধ্যে সংসদ সদস্য, সামরিক ও পুলিশ কর্মকর্তা, শিক্ষাবিদ, চিকিৎসক, কূটনীতিক ও ব্যবসায়ী প্রতিনিধিরা ছিলেন।

এনডিসির কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমান অনুষ্ঠানে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে অব্যাহত সংলাপ ও ঐকমত্য গঠনের ওপর গুরুত্বারোপ করেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪