রিপোর্টার্স২৪ ডেস্ক: ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালানো হচ্ছে। কেউ যদি গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করার কোনো প্রচেষ্টা চালায়, তাহলে রাজপথে ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিরোধ করব। এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে রাজনৈতিক নেতা ও নাগরিকদের দলে যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দিন পাটওয়ারী বলেন, ‘সরকার জ্বালানি সংকট থেকে শুরু করে অনেকগুলো বিষয়ে বাংলাদেশের মানুষের সঙ্গে লুকোচুরি খেলছে। কিন্তু সরকারকে খোলাসা করে বলতে হবে কেন লোডশেডিং হচ্ছে। সরকার বলছে যে জ্বালানি আছে। কিন্তু আমরা পেট্রোল পাম্পে গিয়ে জ্বালানি পাচ্ছি না।’
এসএসসি পরীক্ষার্থীরা আমাদেরকে ফোন দিচ্ছে, লোডশেডিংয়ের কারণে তারা পড়াশোনা করতে পারছে না। তাদের পড়ালেখা ব্যাহত হচ্ছে এবং মার্কেটগুলোতে দেখছি আমাদের অর্থনৈতিক ব্যবস্থা নিম্নমুখী হচ্ছে। দ্রব্যমূল্যের দাম বাড়ছে বলেও দাবি করেন তিনি।
এছাড়া সরকার সংকট মোকাবিলা করতে পারছে না দাবি করে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, ‘সরকার যদি দেশের সংকটগুলো নিয়ন্ত্রণ করতে না পারে, গণতান্ত্রিক পরিবেশ বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে নিশ্চিত করতে না পারে, তাহলে সরকারকে জবাবদিহিতার জায়গায় অবশ্যই আসতে হবে।
তিনি বলেন, ‘আমরা গত ১৭ বছর একসঙ্গে ছিলাম। ভবিষ্যতেও যদি কেউ বাংলাদেশে নতুন করে ফ্যাসিবাদ কায়েম করার প্রচেষ্টা চালায় তাদের বিরুদ্ধে যাতে আগামীর লড়াই, সংগ্রামটা চালিয়ে নিয়ে যেতে পারি।’
রিপোর্টার্স২৪/এসএন