স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সদস্য সচিব আখতার হোসেন অভিযোগ করেছেন, গণভোটে ‘হ্যাঁ’র প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে এখন জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি। শনিবার জাতীয় যুবশক্তির জাতীয় সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে সরকার গঠন করেছে বলে বিএনপি যা খুশি তাই করতে পারে—এমন বক্তব্য গণভোটের চেতনার পরিপন্থী। তাঁর দাবি, নির্বাচনের পর থেকেই সরকার জুলাইয়ের জনআকাঙ্ক্ষা উপেক্ষা করে একতরফা সিদ্ধান্ত নিচ্ছে।
অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সমালোচনা করে আখতার হোসেন বলেন, সরকার ক্ষমতায় এসেই বিপুল পরিমাণ টাকা ছাপিয়েছে এবং ব্যাংক আইন পরিবর্তনের মাধ্যমে অর্থ পাচারকারীদের পুনর্বাসনের চেষ্টা করছে। এতে বোঝা যায়, নীতির পরিবর্তন হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
সরকারকে সতর্ক করে তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের আঁতাত করে ‘ফ্যাসিবাদ’ পুনঃপ্রতিষ্ঠার সুযোগ দেওয়া হবে না। আইনগতভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে তা প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সভায় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব শাহবাগ থানায় পুলিশের উপস্থিতিতে ডাকসুর দুই নির্বাচিত প্রতিনিধিকে নির্যাতনের ঘটনার কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, এ ঘটনায় সরকারের কার্যকর ভূমিকার প্রতিফলন দেখা যায়নি।
তিনি আরও অভিযোগ করেন, জ্বালানি সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও পরিবহন ভাড়া বৃদ্ধির মতো ইস্যুতে সরকার ব্যর্থ। পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোতে ‘সন্ত্রাসী কায়দায়’ নতুন ধরনের কর্তৃত্ববাদ প্রতিষ্ঠার অভিযোগও তোলেন তিনি।
সভায় জাতীয় যুবশক্তির ৭ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি করা হয়েছে অ্যাডভোকেট তারিকুল ইসলামকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলকে। দ্রুত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়।
সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেন, তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে না পারলে কর্তৃত্ববাদ বারবার ফিরে আসবে। তিনি রাজনৈতিক ঐক্যের ওপর জোর দেন।
সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল বলেন, জাতীয় সংকটে যুবশক্তি সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করবে।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক রিফাত রশীদ বলেন, বৈশ্বিক যুব রাজনীতির নতুন ধারা অনুসরণ করে সংগঠনকে এগিয়ে নেওয়া হবে।
সভায় কেন্দ্রীয় ও বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।