রিপোর্টার্স২৪ ডেস্ক: শেয়ারবাজারে বিপুল অর্থ লুটের ঘটনায় এখনো কোনো কার্যকর বিচার হয়নি বলে অভিযোগ করেছেন সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদে দাঁড়িয়ে তিনি এ বিষয়ে বক্তব্য দেন এবং অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
বৃহস্পতিবার সকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বৈঠক শুরু হয়।
সংসদে রুমিন ফারহানা বলেন, শেয়ারবাজারের টাকা একটি বিশেষ গোষ্ঠীর মাধ্যমে লুটপাট করা হয়েছে, যাদের এখনো বিচারের মুখোমুখি করা হয়নি।
তিনি দাবি করেন, গত ১৫ বছরে শেয়ারবাজার থেকে এক লাখ কোটি টাকারও বেশি অর্থ লুট হয়েছে। এই অর্থ সাধারণ বিনিয়োগকারীদের, যারা তাদের সঞ্চয় শেয়ারবাজারে বিনিয়োগ করেছিলেন।
তার ভাষায়, “একটি বিশেষ গোষ্ঠীর মাধ্যমে এই টাকাগুলো লুট হয়েছে, কিন্তু তাদের কখনোই বিচারের আওতায় আনা হয়নি।”
তিনি আরও বলেন, শেয়ারবাজার লুটের ঘটনায় দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে হবে এবং পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) যোগ্য ও দক্ষ জনবল নিয়োগের মাধ্যমে বাজারে আস্থা ফিরিয়ে আনতে হবে।
রিপোর্টার্স২৪/ঝুম