| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিজ্ঞানী ও কথাসাহিত্যিক পূরবী বসু আর নেই

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৪, ২০২৬ ইং | ১৪:৪৯:৩৯:অপরাহ্ন  |  ২২৫ বার পঠিত
বিজ্ঞানী ও কথাসাহিত্যিক পূরবী বসু আর নেই

রিপোর্টার্স২৪ ডেস্ক: বিজ্ঞানচর্চা, সাহিত্যসাধনা ও নারী অধিকার আন্দোলনের উজ্জ্বল ব্যক্তিত্ব ড. পূরবী বসু আর নেই। বিজ্ঞানী, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক ও গবেষক হিসেবে নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদান রাখা এই গুণীজন ৭৭ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেছেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ১টার দিকে ফ্লোরিডার পোর্ট সেন্ট লুসি শহরে নিজ বাসভবনে ঘুমের মধ্যে তাঁর মৃত্যু হয়।

তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন স্বামী একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক জ্যোতিপ্রকাশ দত্ত। এ ছাড়া ছেলে দীপেন দত্ত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন পোস্টের মাধ্যমে মায়ের প্রয়াণের খবর জানান। পোস্টে তিনি মায়ের দীর্ঘ সংগ্রামী জীবন, অসাধারণ মনোবল এবং মানুষের প্রতি তাঁর গভীর ভালোবাসার কথা স্মরণ করেন।

পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে পারকিনসন্স রোগে ভুগছিলেন পূরবী বসু। এর আগে তিনি স্ট্রোকেও আক্রান্ত হয়েছিলেন। একটি গুরুতর সড়ক দুর্ঘটনার পর থেকে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে।

ছেলে দীপেন দত্ত জানান, প্রায় ২০ বছর আগে তাঁর মায়ের পারকিনসন্স রোগ ধরা পড়ে। এর প্রায় ১২ বছর আগে তিনি ক্যানসারে আক্রান্ত হলেও সফলভাবে সেই রোগ জয় করেন। পাঁচ বছর আগে একটি গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। এরপর দুই বছর আগে বড় ধরনের স্ট্রোকের শিকার হন। একের পর এক শারীরিক প্রতিকূলতার মধ্যেও অসাধারণ মনোবল নিয়ে জীবনযাপন করেছেন এই সংগ্রামী নারী।

মায়ের স্মৃতিচারণ করে দীপেন দত্ত লেখেন, ‘আমার মা আমার দেখা সবচেয়ে শক্তিশালী মানুষ ছিলেন। প্রকৃতির এক সত্যিকারের অপ্রতিরোধ্য শক্তি, যিনি তার সংস্পর্শে আসা প্রতিটি মানুষের মনে গভীর রেখাপাত করে গেছেন এবং অসংখ্য মানুষের জীবনকে উন্নত করেছেন।’

জীবনভর বিজ্ঞান ও মানবকল্যাণে নিবেদিত থাকা পূরবী বসুর শেষ ইচ্ছাকেও সম্মান জানাতে উদ্যোগ নিয়েছে পরিবার। তাঁর আজীবনের ইচ্ছা অনুযায়ী, চিকিৎসাবিজ্ঞানের গবেষণার কাজে ব্যবহারের জন্য মরদেহ ইউনিভার্সিটি অব মায়ামিতে দান করার প্রক্রিয়া চলছে।

বাংলা সাহিত্য, বিজ্ঞানচর্চা এবং নারী আন্দোলনের অঙ্গনে ড. পূরবী বসু ছিলেন এক বহুমাত্রিক ও প্রভাবশালী ব্যক্তিত্ব। একাধারে বিজ্ঞানী, গবেষক, প্রাবন্ধিক, ছোটগল্পকার, কবি ও ঔপন্যাসিক হিসেবে তিনি নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তুলেছিলেন। তাঁর লেখায় বিজ্ঞানের যুক্তিনির্ভর বিশ্লেষণের পাশাপাশি উঠে এসেছে সমাজের অবহেলিত ও প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম, নারীর অধিকার, আত্মোপলব্ধি এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা।

তাঁর সাহিত্যকর্মে সমাজের নিপীড়িত, দরিদ্র ও ধর্মীয় সংখ্যালঘু মানুষের জীবনযন্ত্রণা বিশেষ গুরুত্ব পেয়েছে। একই সঙ্গে নারী-পুরুষের সম্পর্ক, পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থা এবং নারীর আত্মমর্যাদা প্রতিষ্ঠার প্রশ্নেও তিনি ছিলেন সোচ্চার। বিজ্ঞানমনস্কতা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে তাঁর লেখালেখি বাংলা সাহিত্যে স্বতন্ত্র মাত্রা যোগ করেছে।

ড. পূরবী বসু ১৯৪৯ সালের ২১ সেপ্টেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) মুন্সিগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই লেখালেখির প্রতি তাঁর প্রবল আগ্রহ ছিল। চতুর্থ শ্রেণিতে পড়ার সময়ই তাঁর লেখা একটি গোয়েন্দা গল্প স্থানীয় দেয়াল পত্রিকায় প্রকাশিত হয়। এরপর মুন্সিগঞ্জের স্থানীয় দৈনিক পত্রিকার শিশু-কিশোরদের বিভিন্ন পাতায় নিয়মিত লেখালেখি শুরু করেন।

ছোটদের জন্য প্রকাশিত ‘কচিকাঁচার আসর’, ‘সাত ভাই চম্পা’ ও ‘খেলাঘর’-এর মতো পাতায় তাঁর লেখা প্রকাশিত হতো। অল্প বয়সেই সাহিত্যচর্চার মাধ্যমে নিজের সৃজনশীল প্রতিভার পরিচয় দিতে শুরু করেন তিনি।

১৯৫৯ সালে প্রখ্যাত সাহিত্যিক আহসান হাবীব সম্পাদিত তৎকালীন দৈনিক পাকিস্তান (বর্তমান দৈনিক বাংলা) পত্রিকার সাহিত্য পাতায় তাঁর একটি গল্প প্রকাশিত হয়। শৈশবে জাতীয় পর্যায়ের পত্রিকায় লেখা প্রকাশের এই অভিজ্ঞতা তাঁর সাহিত্যিক জীবনে বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করে।

সাহিত্যচর্চার পাশাপাশি শিক্ষাজীবনেও ছিলেন অত্যন্ত মেধাবী। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসি বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জন করেন তিনি। এরপর উচ্চশিক্ষা ও গবেষণার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।

যুক্তরাষ্ট্রের খ্যাতনামা মেডিক্যাল কলেজ অব পেনসিলভেনিয়া থেকে প্রাণরসায়নে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে ইউনিভার্সিটি অব মিসৌরি থেকে পুষ্টিবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ডক্টরেট সম্পন্ন করার পর পোস্ট-ডক্টরাল গবেষণায় যুক্ত হন এবং গবেষণাকর্মের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন বৃত্তি ও সম্মাননা অর্জন করেন।

বিজ্ঞান ও চিকিৎসাবিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে তাঁর একাধিক গবেষণাপত্র। গবেষণার মাধ্যমে চিকিৎসাবিজ্ঞান ও পুষ্টিবিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখেন তিনি।

ড. পূরবী বসুর পেশাগত জীবন ছিল বৈচিত্র্যপূর্ণ ও সাফল্যে সমৃদ্ধ। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত বিশ্বখ্যাত মেমোরিয়াল স্লোন কেটারিং ক্যানসার সেন্টারে গবেষণা কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। পরবর্তী সময়ে কর্নেল ইউনিভার্সিটিতে অধ্যাপনার সঙ্গেও যুক্ত হন।

দীর্ঘদিন প্রবাসে বিজ্ঞানচর্চা, গবেষণা ও অধ্যাপনায় যুক্ত থাকার পর দেশে ফিরে আসেন তিনি। বাংলাদেশে ফিরে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসে উচ্চ পদে দায়িত্ব পালন করেন। পাশাপাশি দেশের বৃহত্তম বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের স্বাস্থ্য বিভাগের পরিচালক হিসেবেও কাজ করেন।

বিজ্ঞান গবেষণা থেকে শুরু করে ওষুধশিল্প ও জনস্বাস্থ্য খাতে তাঁর অভিজ্ঞতা এবং নেতৃত্ব তাঁকে বহুমাত্রিক পেশাজীবী হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। ছোটবেলা থেকেই লেখালেখি করলেও পেশাগত জীবনের ব্যস্ততার কারণে দীর্ঘ সময় নিয়মিত বই প্রকাশের সুযোগ পাননি। অবশেষে ১৯৮৯ সালে সমবায় প্রকাশনী থেকে প্রকাশিত হয় তাঁর প্রথম মৌলিক গল্পগ্রন্থ ‘পূরবী বসুর গল্প’। এর মধ্য দিয়ে বাংলা কথাসাহিত্যে তাঁর লেখক পরিচিতি আরও সুদৃঢ় হয়।

তাঁর গল্প ও উপন্যাসে সমাজের অবহেলিত, নিপীড়িত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনসংগ্রাম বিশেষভাবে ফুটে উঠেছে। ধর্মীয় সংখ্যালঘু, দরিদ্র মানুষ এবং সামাজিক বৈষম্যের শিকার নারীদের বাস্তব জীবন তাঁর লেখার গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।

নারীর অধিকার, নারীবাদী চিন্তাধারা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্নে তাঁর লেখনী ছিল অত্যন্ত স্পষ্ট ও শক্তিশালী। সমাজের প্রচলিত ধারণাকে প্রশ্ন করার পাশাপাশি নারীর স্বাধীনতা, আত্মপরিচয় ও মর্যাদার বিষয়গুলো তিনি গভীরভাবে বিশ্লেষণ করেছেন।

২০১৩ সালে প্রকাশিত তাঁর প্রবন্ধগ্রন্থ ‘প্রাচ্য পুরাণ ও প্রাচ্যে পুরাতন নারী’ পাঠকমহলে বিশেষ প্রশংসা অর্জন করে। বইটিতে ১৩টি প্রবন্ধের মাধ্যমে ১৮টি পুরাণ ও উপপুরাণসহ প্রাচ্যের রূপকথা ও উপকথার নারী চরিত্রগুলোর মনস্তাত্ত্বিক ও সমাজতাত্ত্বিক বিশ্লেষণ তুলে ধরেছেন তিনি।

বেঙ্গল পাবলিকেশন্স থেকে প্রকাশিত ‘আমার এ দেহখানি’ গ্রন্থেও রয়েছে তাঁর গভীর চিন্তা ও মননশীলতার পরিচয়। পুরুষ ও পুরুষতন্ত্র, মাতৃত্ব এবং নারী-পুরুষের সৃষ্টির আদি রহস্য নিয়ে বইটিতে দার্শনিক ভাবনার প্রকাশ ঘটেছে।

২০১৪ সালে অন্য প্রকাশ থেকে প্রকাশিত হয় তাঁর প্রথম উপন্যাস ‘অবিনাশী যাত্রা’। প্রবাসজীবনে একজন নারীর একাকিত্ব, টিকে থাকার সংগ্রাম, আত্মঅনুসন্ধান ও উপলব্ধির নানা দিক উপন্যাসটিতে মর্মস্পর্শীভাবে তুলে ধরেছেন তিনি।

বাংলা কথাসাহিত্য, প্রবন্ধ ও মননশীল লেখালেখিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ড. পূরবী বসু পেয়েছেন দেশের বেশ কয়েকটি মর্যাদাপূর্ণ পুরস্কার ও সম্মাননা। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ২০০৫ সালে অনন্যা সাহিত্য পুরস্কার এবং ২০১৫ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার।

বিজ্ঞানী হিসেবে গবেষণাগারে, শিক্ষক হিসেবে শিক্ষাঙ্গনে এবং লেখক হিসেবে বাংলা সাহিত্যে তাঁর অবদান ছিল বহুমাত্রিক। একই সঙ্গে নারী অধিকার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তাঁর লেখালেখি ও চিন্তাভাবনা সমাজে গুরুত্বপূর্ণ প্রভাব রেখেছে।

ব্যক্তিগত জীবনে ১৯৬৭ সালের ২৪ সেপ্টেম্বর একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত কথাসাহিত্যিক জ্যোতিপ্রকাশ দত্তের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পূরবী বসু। তাঁদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছেন।

তাঁর প্রয়াণে বিজ্ঞান, সাহিত্য ও নারী আন্দোলনের অঙ্গনে এক বহুমুখী প্রতিভার অবসান ঘটল। তবে গবেষণা, সাহিত্যকর্ম, চিন্তাভাবনা এবং মানবকল্যাণে নিবেদিত জীবনের মধ্য দিয়ে তিনি যে অবদান রেখে গেছেন, তা পাঠক, গবেষক ও আগামী প্রজন্মের কাছে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪