স্টাফ রিপোর্টার: সিনিয়র বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) কর্মকর্তাদের জন্য আয়োজিত এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রামে অংশ নিতে এক অতিরিক্ত সচিবসহ ১১ জন যুগ্ম সচিব পাকিস্তানে যাচ্ছেন। এ বিষয়ে সরকারি আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহমুদ উল্লাহ মারুফ স্বাক্ষরিত এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিদেশ প্রশিক্ষণ শাখা থেকে জারি করা আদেশে বলা হয়েছে, কর্মকর্তারা পাকিস্তানের লাহোরে সিভিল সার্ভিসেস একাডেমিতে অনুষ্ঠিত প্রশিক্ষণে অংশ নেবেন। আগামী ৪ মে থেকে ২১ মে ২০২৬ পর্যন্ত এ প্রশিক্ষণ চলবে।
প্রশিক্ষণে অংশ নিতে যাওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন– স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব সালমা সিদ্দিকা মানতাব।
এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক (যুগ্ম সচিব) মোহাম্মদ মোস্তফা জামাল হায়দার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবু রায়হান মিয়া, তৌফিক ইমাম, রাইহান আখতার ও মোহাম্মদ আব্দুস সালাম রয়েছেন। তালিকায় আরও আছেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব ফিরোজ আহমেদ ও মোহাম্মদ মনিরুল ইসলাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ.এফ.এম. এহতেশামুল হক, স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ শামসুল হক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. জিল্লুর রহমান এবং বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির এমডিএস (যুগ্ম সচিব) জিয়া আহমেদ সুমন।
সরকারি আদেশে বলা হয়েছে, কর্মকর্তারা ৪ মে’র কাছাকাছি সুবিধাজনক সময়ে পাকিস্তানের উদ্দেশে রওনা হবেন। প্রশিক্ষণকাল ও যাতায়াত সময় দাপ্তরিক দায়িত্ব হিসেবে গণ্য হবে।
এতে আরও বলা হয়েছে, প্রশিক্ষণের সব ব্যয় বহন করবে পাকিস্তান সরকার। এ সফরের জন্য বাংলাদেশ সরকারের কোনো ব্যয় হবে না। প্রশিক্ষণ শেষে কর্মকর্তাদের দ্রুত নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে হবে এবং পাঁচ দিনের মধ্যে বিদেশ প্রশিক্ষণ শাখায় প্রতিবেদন জমা দিতে হবে।
রিপোর্টার্স২৪/ধ্রুব