রিপোর্টার্স২৪ ডেস্ক: জলাবদ্ধতা নিরসন ও শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণের লক্ষ্যে খাল খনন কর্মসূচি গ্রহণ করেছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, পানির যথাযথ ব্যবহার নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার (২ মে) দুপুরে সিলেট সিটি করপোরেশন প্রাঙ্গণে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে সকাল ১০টার দিকে ইউএস-বাংলা এয়ারলাইন্স ফ্লাইট-এর একটি ফ্লাইটে ঢাকা থেকে সিলেটে পৌঁছান তিনি। পরে হযরত শাহজালাল (রা.) মাজার জিয়ারত করেন। এরপর সুরমা নদীর তীরে চাঁদনীঘাট এলাকায় সিলেট সিটি করপোরেশন আয়োজিত কর্মসূচিতে অংশ নেন।
সেখানে তিনি সিলেট নগরকে দীর্ঘমেয়াদি জলাবদ্ধতা ও বন্যা থেকে রক্ষায় প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকার একটি মেগা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমান, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরীসহ বিভিন্ন মন্ত্রী, সংসদ সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সরকারপ্রধান তাঁর সফরে বাসিয়া নদী খনন, সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুনকুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন এবং বিকেলে দলীয় সভায় যোগ দেওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ২১ জানুয়ারি সিলেট সফর করেছিলেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান, যেখানে পরদিন আলিয়া মাদরাসা মাঠ থেকে নির্বাচনি প্রচারণা শুরু করেন তিনি।
রিপোর্টার্স২৪/ঝুম