রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানী ঢাকাসহ সারাদেশের থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ দিয়েছেন সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে দায়িত্বে অবহেলা ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
শনিবার (২ মে) দুপুরে ঢাকা মহানগর পুলিশ-এর আওতাধীন রমনা মডেল থানা পরিদর্শনকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে এ নির্দেশনা দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
পরিদর্শনকালে তিনি থানার বিভিন্ন কক্ষ, হাজতখানা ও সার্বিক পরিবেশ ঘুরে দেখেন। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ডিউটি অফিসারসহ দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যা ও কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
মন্ত্রী বলেন, থানায় সাধারণ মানুষ যাতে হয়রানি ছাড়া সরাসরি সেবা পায় তা নিশ্চিত করতে হবে। দালাল বা মধ্যস্বত্বভোগীদের কোনোভাবেই সুযোগ দেওয়া যাবে না।
তিনি আরও বলেন, পুলিশের প্রতিটি সদস্যকে সততা, ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে জনগণের সেবা নিশ্চিত করতে হবে। দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি বা দুর্নীতি প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী থানার সেবার মান উন্নয়ন ও জবাবদিহিতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন।
রিপোর্টার্স২৪/ঝুম