| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অ্যাকাডেমিক ক্যালেন্ডারে বড় পরিবর্তন, এইচএসসি পরীক্ষাও হবে ডিসেম্বরে

reporter
  • আপডেট টাইম: মে ০২, ২০২৬ ইং | ১৫:১৯:০২:অপরাহ্ন  |  ৮৩১ বার পঠিত
অ্যাকাডেমিক ক্যালেন্ডারে বড় পরিবর্তন, এইচএসসি পরীক্ষাও হবে ডিসেম্বরে

রিপোর্টার্স২৪ ডেস্ক:  দেশের শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের মধ্যেই শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে কারিকুলামেও আনা হচ্ছে সংশোধন।

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক জানিয়েছেন, সম্ভব হলে ২০২৭ সাল থেকেই এই নতুন অ্যাকাডেমিক ক্যালেন্ডার কার্যকর করা হবে।

বর্তমানে এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে এবং এইচএসসি পরীক্ষা এপ্রিলে অনুষ্ঠিত হয়। তবে আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন কারণে প্রায়ই এসব পরীক্ষা পিছিয়ে যায়। এতে ফল প্রকাশ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়ায় দীর্ঘ সেশন জট তৈরি হয় বলে সংশ্লিষ্টরা জানান।

নতুন পরিকল্পনা অনুযায়ী, ডিসেম্বর হবে শিক্ষাবর্ষের শেষ সময়। ওই সময়ের মধ্যেই সব বোর্ড পরীক্ষা সম্পন্ন করে দ্রুত ফল প্রকাশ করা হবে। এরপর শিক্ষার্থীরা জানুয়ারিতেই উচ্চ মাধ্যমিকে ভর্তি হতে পারবে।

শিক্ষামন্ত্রী বলেন, “ডিসেম্বরের মধ্যে পরীক্ষা শেষ করা গেলে সিলেবাস, ক্লাস টেস্ট ও বোর্ড পরীক্ষাসহ পুরো প্রক্রিয়া নির্ধারিত সময়েই শেষ হবে। এতে শিক্ষার্থীরা কোনো সেশন জট ছাড়াই ধারাবাহিকভাবে এগোতে পারবে।”

তিনি আরও জানান, নতুন ব্যবস্থায় শিক্ষার্থীরা ১৬ বছর বয়সে এসএসসি এবং ১৮ বছর বয়সে এইচএসসি শেষ করে সরাসরি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে।

নতুন কারিকুলাম কবে থেকে চালু হবে এ বিষয়ে তিনি বলেন, পরিকল্পনা অনুযায়ী ২০২৭ সাল থেকেই এটি বাস্তবায়নের চেষ্টা চলছে, তবে তা নির্ভর করবে প্রস্তুতি ও সিলেবাস সময়মতো সম্পন্ন হওয়ার ওপর।

শিক্ষাবিদদের মতে, দেশের আবহাওয়া ও বাস্তবতা বিবেচনায় নিয়ে পরীক্ষার সময়সূচি পুনর্নির্ধারণ একটি ইতিবাচক উদ্যোগ হতে পারে। তবে এর সফল বাস্তবায়নের জন্য আগাম পরিকল্পনা ও প্রস্তুতি জরুরি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪