| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সংস্কারের বদলে পুরোনো ব্যবস্থাই টিকিয়ে রাখতে চায় সরকার: নাহিদ

reporter
  • আপডেট টাইম: মে ০৯, ২০২৬ ইং | ১৪:৫১:০১:অপরাহ্ন  |  ৭৭০০ বার পঠিত
সংস্কারের বদলে পুরোনো ব্যবস্থাই টিকিয়ে রাখতে চায় সরকার: নাহিদ

রিপোর্টার্স২৪ ডেস্ক: সংস্কারের পরিবর্তে সরকার পুরোনো রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামোই টিকিয়ে রাখতে চাইছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শনিবার (৯ মে) রাজধানীর একটি হোটেলে ‘সংস্কার অচলাবস্থা: উত্তরণের পথ’ শীর্ষক সংলাপে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলন ছিল কোনো সাধারণ রাজনৈতিক আন্দোলন নয়, বরং একটি ঐতিহাসিক জাতীয় জাগরণ। তার ভাষায়, ওই আন্দোলনে ছাত্র, শ্রমিক, পেশাজীবী, বুদ্ধিজীবী ও সাধারণ মানুষ একত্রিত হয়ে একটি কর্তৃত্ববাদী কাঠামোর বিরুদ্ধে অবস্থান নেয়।

তিনি দাবি করেন, জনগণ কেবল নামমাত্র সংস্কার নয়, বরং রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন চেয়েছিল—যেখানে প্রতিষ্ঠান শক্তিশালী হবে এবং জবাবদিহিতা নিশ্চিত হবে।

নাহিদ ইসলাম বলেন, পরবর্তী সময়ে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের সামনে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণের পথ তৈরি করার দায়িত্ব ছিল।

তিনি জানান, এনসিপি শুরু থেকেই নতুন গণতান্ত্রিক সংবিধানের পক্ষে অবস্থান নিয়েছিল। তবে রাজনৈতিক দলগুলোর বিরোধিতার কারণে সেই প্রস্তাব থেকে সরে আসা হয় এবং পরে ‘জুলাই সনদ’-এর ভিত্তিতে ন্যূনতম সংস্কারের বিষয়ে ঐকমত্য হয়।

তার দাবি অনুযায়ী, ওই সনদে বিচার বিভাগের স্বাধীনতা, সাংবিধানিক প্রতিষ্ঠানকে নির্বাহী হস্তক্ষেপ থেকে রক্ষা এবং উচ্চকক্ষ প্রতিষ্ঠার মতো বিষয় অন্তর্ভুক্ত ছিল।

নাহিদ ইসলাম বলেন, গণভোটে জনগণের বিপুল সমর্থন পাওয়া সত্ত্বেও সাংবিধানিক সংস্কার পরিষদ গঠন নিয়ে এখনো অগ্রগতি হয়নি। তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে কিছু দল সংস্কারের পক্ষে থাকলেও ক্ষমতায় আসার পর তারা অবস্থান বদল করেছে।

তার মতে, অন্তর্বর্তী সময়ে প্রস্তাবিত বেশ কিছু সংস্কার অধ্যাদেশ বাতিল করা হয়েছে, যার মধ্যে মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন ও পুলিশি সংস্কার সংক্রান্ত উদ্যোগও রয়েছে।

এনসিপি আহ্বায়ক আরও বলেন, কিছু ক্ষেত্রে নির্বাহী ক্ষমতা আরও শক্তিশালী করার প্রবণতা দেখা যাচ্ছে, যা আবারও কেন্দ্রীয়ভিত্তিক শাসনব্যবস্থার ঝুঁকি তৈরি করছে।

তিনি অভিযোগ করেন, প্রশাসন ও বিভিন্ন প্রতিষ্ঠানে মেধার চেয়ে দলীয় আনুগত্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে, যা রাষ্ট্রের নিরপেক্ষতা ক্ষুণ্ন করছে।মতপ্রকাশের স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মত প্রকাশের কারণে নাগরিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতার উদ্বেগজনক।

এছাড়া আঞ্চলিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি পশ্চিমবঙ্গের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকার আহ্বান জানান।

নাহিদ ইসলাম বলেন, কেবল প্রতীকী পরিবর্তন বা ক্ষমতার কেন্দ্রীকরণ দিয়ে টেকসই স্থিতিশীলতা সম্ভব নয়। তার মতে, গণতান্ত্রিক বৈধতা, প্রাতিষ্ঠানিক স্বাধীনতা এবং সাংবিধানিক জবাবদিহিতাই একটি কার্যকর রাষ্ট্রব্যবস্থার ভিত্তি।

তিনি দ্রুত সাংবিধানিক সংস্কার পরিষদ গঠনের দাবি পুনর্ব্যক্ত করেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪