| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

একটি যুদ্ধ শেষ হয়েছে, এখন শুরু হয়েছে নতুন যুদ্ধ: প্রধানমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মে ০৯, ২০২৬ ইং | ১৫:৪৭:৪১:অপরাহ্ন  |  ১৭৫০ বার পঠিত
একটি যুদ্ধ শেষ হয়েছে, এখন শুরু হয়েছে নতুন যুদ্ধ: প্রধানমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের একটি রাজনৈতিক অধ্যায় শেষ হলেও এখন শুরু হয়েছে নতুন এক দায়িত্ব—জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের ‘নতুন যুদ্ধ’।

শনিবার (৯ মে) সকালে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আমাদের একটি যুদ্ধ শেষ হয়েছে। এখন আরেকটি যুদ্ধ শুরু হয়েছে সেটা হলো, আমরা মানুষকে যে কথা দিয়েছিলাম তার বাস্তবায়ন করা।

তারেক রহমান বলেন, বিগত নির্বাচনে বিএনপির ঘোষিত ইশতেহার এখন আর শুধু দলীয় দলিল নয়, এটি জনগণের প্রত্যাশায় পরিণত হয়েছে।

তিনি দাবি করেন, নির্বাচনে অংশ নেওয়া ৫২ শতাংশ ভোটার বিএনপির ইশতেহারের পক্ষেই রায় দিয়েছে। তাই এখন সরকারের প্রধান দায়িত্ব হলো সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করা।

তার ভাষায়, নির্বাচনের আগে এটি ছিল বিএনপির ম্যানিফেস্টো, এখন এটি জনগণের ইশতেহার।

সভায় তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সুশাসন প্রতিষ্ঠা, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং নারী-পুরুষ সবার জন্য নিরাপদ সমাজ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করবে।

তিনি আরও বলেন, রাজনৈতিক ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করাই তাদের অন্যতম অঙ্গীকার ছিল।

তারেক রহমান বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সরকার পরিচালনায় বিএনপির ভূমিকা গুরুত্বপূর্ণ। তার ভাষায়, “বিএনপি সহযোগিতা না করলে অনেক ক্ষেত্রেই সরকার সফল হতে পারবে না।

তিনি দলীয় নেতাকর্মীদের সরকারের কার্যক্রমের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার আহ্বান জানান। দিনব্যাপী এই রুদ্ধদ্বার সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়া সভায় সভাপতিত্ব করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান ও এজেডএম জাহিদ হোসেনসহ কেন্দ্রীয় নেতারা।

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর এটি মাঠপর্যায়ের নেতাদের সঙ্গে তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক মতবিনিময় সভা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪