| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বায়ুদূষণে আবারও শীর্ষে ঢাকা

reporter
  • আপডেট টাইম: মে ১১, ২০২৬ ইং | ০৯:৪৯:৫২:পূর্বাহ্ন  |  ৫০৪৬ বার পঠিত
বায়ুদূষণে আবারও শীর্ষে ঢাকা

রিপোর্টার্স২৪ ডেস্ক: জলবায়ু পরিবর্তন, নির্মাণকাজ, যানবাহনের ধোঁয়া ও শিল্পকারখানার দূষণে দিন দিন ভয়াবহ হয়ে উঠছে রাজধানী ঢাকার বায়ুমান। দীর্ঘদিন ধরেই বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় উপরের দিকে অবস্থান করছে মেগাসিটি ঢাকা।

সোমবার (১১ মে) সকালেও আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের সূচকে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে ঢাকা।

আইকিউএয়ারের তথ্যানুযায়ী, সকালবেলায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১৯৫। এ স্কোর অনুযায়ী রাজধানীর বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি এবং শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্তদের জন্য এ ধরনের বায়ুমান মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

একই সময়ে ভারতের রাজধানী দিল্লি ১৫৭ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। এছাড়া ভিয়েতনামের রাজধানী হ্যানয় ১৫৬ স্কোর নিয়ে রয়েছে তৃতীয় স্থানে।

তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে চীনের চেংডু শহর, যার একিউআই স্কোর ১৩৭। আর পঞ্চম অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। শহরটির বায়ুমান স্কোর রেকর্ড করা হয়েছে ১৩০।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোরকে ভালো বায়ুমান হিসেবে ধরা হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত স্কোর মাঝারি হিসেবে বিবেচিত হয়। আর ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বলে গণ্য করা হয়।

এছাড়া ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। এ অবস্থায় সাধারণ মানুষের মধ্যেও স্বাস্থ্যঝুঁকি দেখা দিতে পারে। ২০১ থেকে ৩০০ স্কোর হলে তা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। তখন শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে অবস্থান করার পরামর্শ দেয়া হয় এবং অন্যদেরও বাইরের কার্যক্রম সীমিত রাখতে বলা হয়।

আর ৩০১ থেকে ৪০০ স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়, যা নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪