রিপোর্টার্স২৪ ডেস্ক: কন্যাশিশুদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও মানবিক বিকাশের মাধ্যমে প্রতিটি মেয়ের ভবিষ্যৎ গঠনে রাষ্ট্র বাধা না হয়ে বরং সহায়ক শক্তি হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও চিকিৎসক ডা. জুবাইদা রহমান।
সোমবার (১১ মে) রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে জুবাইদা রহমান বলেন, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পুনাকের কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, সমাজের বিভিন্ন পর্যায়ে নারীদের অবদান ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি আরও বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর, সুস্থ ও মানবিক সমাজ গঠন সম্ভব। নারীরা পরিবার ও সামাজিক উন্নয়নের কেন্দ্রবিন্দু হিসেবে স্বাস্থ্য, শিক্ষা এবং গ্রামীণ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
নারী উদ্যোক্তা উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পে নারীদের অংশগ্রহণ বাড়াতে প্রয়োজনীয় প্রশিক্ষণ, উন্নয়ন কার্যক্রম এবং বিপণন সহায়তা বাড়ানো জরুরি। এতে নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পাবে, যা পারিবারিক সচ্ছলতা ও দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে তিনি পুনাকের সভানেত্রী অধ্যাপিকা নাসিমা ফেরদৌসীর রোগমুক্তি কামনা করেন।
এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী হাসিনা আহমেদ, সংস্কৃতি সচিব কানিজ মওলা এবং পুনাকের সহ-সভানেত্রী মিসেস সাবিনা আওলাদ প্রমুখ।
রিপোর্টার্স২৪/ঝুম