রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজনৈতিক পরিচয় বিবেচনায় না এনে অপরাধীদের অপরাধী হিসেবেই দেখা উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দুর্নীতি ও সন্ত্রাসের ঘটনায় ব্যক্তির রাজনৈতিক পরিচয় নয়, বরং তার অপরাধই মূল বিবেচ্য হওয়া উচিত।
সোমবার (১১ মে) দুপুরে পুলিশ সপ্তাহ উপলক্ষে নিজ কার্যালয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এ সময় তিনি পুলিশ বাহিনীকে সরকারের ‘আয়না’ হিসেবে উল্লেখ করেন।
তারেক রহমান বলেন, সরকার পুলিশ বাহিনীকে একটি সত্যিকারের জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করছে। তার ভাষায়, “সমৃদ্ধ, স্বনির্ভর ও মানবিক বাংলাদেশ গড়া শুধু স্লোগান নয়, এটি আমাদের বাস্তবায়নের লক্ষ্য।”
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
এছাড়া সাম্প্রদায়িকতা ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।
রিপোর্টার্স২৪/ঝুম