| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টিসিবির কার্যক্রম প্রযুক্তিনির্ভর করা হচ্ছে: বাণিজ্যমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মে ১১, ২০২৬ ইং | ১৩:৪৮:৩৯:অপরাহ্ন  |  ১৪৪৪৫ বার পঠিত
টিসিবির কার্যক্রম প্রযুক্তিনির্ভর করা হচ্ছে: বাণিজ্যমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: বাজার ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও কার্যকর সরকারি নজরদারি নিশ্চিত করতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর কার্যক্রমকে প্রযুক্তিনির্ভর করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সোমবার (১১ মে) ঢাকার আগারগাঁওয়ে পবিত্র ঈদুল আজহা-২০২৬ উপলক্ষে টিসিবির ট্রাকসেল কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে কোনো ধরনের সিন্ডিকেট বা কারসাজি যাতে কার্যকর হতে না পারে, সে লক্ষ্যে সরকার কৌশলগত মজুদ (স্ট্র্যাটেজিক রিজার্ভ), কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর সরবরাহ শৃঙ্খলা পর্যবেক্ষণ এবং টিসিবির সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে।

তিনি বলেন, সরকারের মূল লক্ষ্য নিম্নবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ভর্তুকিমূল্যে খাদ্যপণ্য পৌঁছে দেওয়া। এ লক্ষ্যেই টিসিবির মাধ্যমে নিয়মিতভাবে ভর্তুকিমূল্যে পণ্য বিক্রি এবং বিশেষ উৎসবে ট্রাকসেল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি জানান, গত রমজানে প্রায় ২ কোটি ২৮ লাখ উপকারভোগীর কাছে খাদ্যপণ্য পৌঁছে দেওয়া হয়। এবার তা বাড়িয়ে প্রায় ২ কোটি ৮৮ লাখে উন্নীত করা হচ্ছে। একইভাবে ঈদুল আজহা উপলক্ষে খাদ্যপণ্য সরবরাহও প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।

মন্ত্রী আরও বলেন, পূর্ববর্তী উপকারভোগী তালিকার মধ্যে অনেক তথ্য প্রশ্নবিদ্ধ ছিল। যাচাই-বাছাই শেষে বর্তমানে ৮০ লাখ প্রকৃত উপকারভোগী নির্বাচন করা হয়েছে এবং পর্যায়ক্রমে আরও ২০ লাখ পরিবার যুক্ত করা হবে।

টিসিবির ডিলার নিয়োগ প্রক্রিয়াও আরও স্বচ্ছ করতে নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে বলে জানান তিনি। তার ভাষায়, টিসিবিকে সম্পূর্ণ জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানে রূপান্তর করা হচ্ছে।

বাজার নিয়ন্ত্রণে সরকারের পরিকল্পনা তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন, নির্বাচিত নিত্যপ্রয়োজনীয় পণ্যের জন্য কৌশলগত মজুদ গড়ে তোলা হবে এবং পুরো সরবরাহ ব্যবস্থাকে এআই-ভিত্তিক ডিজিটাল পর্যবেক্ষণে আনা হবে, যাতে দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়।

তিনি বলেন, সরকার বাজারে স্থিতিশীলতা, স্বচ্ছতা ও কারসাজিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আবদুর রহিম খান এবং স্বাগত বক্তব্য দেন টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ। পরে বাণিজ্যমন্ত্রী টিসিবির ন্যায্যমূল্যের পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪