| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচনী ইশতেহারের বাইরে যাবে না সরকার: অর্থমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মে ১২, ২০২৬ ইং | ০৪:১১:৩৫:পূর্বাহ্ন  |  ৬৯৩৪ বার পঠিত
নির্বাচনী ইশতেহারের বাইরে যাবে না সরকার: অর্থমন্ত্রী

স্টাফ রিপোর্টার: দেশে বেসরকারি বিনিয়োগ কিছুটা কমেছে এবং এর প্রভাব অর্থনীতিতেও পড়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে সরকার বেসরকারি বিনিয়োগ বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

সোমবার (১১ মে) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে বণিক বার্তা আয়োজিত ‘বৈশ্বিক অস্থিরতায় বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ বিনির্মাণে পথরেখা’ শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন।

আলোচনায় অর্থমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ঋণ কর্মসূচির আওতায় যেসব শর্ত আরোপ করছে, তার সবগুলো বাংলাদেশের অর্থনীতি ও জনগণের জন্য উপযোগী নয়। তিনি বলেন, বিএনপি একটি নির্বাচিত সরকার। জনগণের কাছে আমাদের দায়বদ্ধতা রয়েছে। আইএমএফ যা বলবে, তার সবকিছু আমরা করতে পারব না।

আমির খসরু বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারের সঙ্গে অধিকাংশ উন্নয়ন সহযোগী একমত হলেও কিছু বহুপক্ষীয় সংস্থার সঙ্গে মতপার্থক্য রয়েছে। তার ভাষায়, সব জায়গায় আমরা একমত হচ্ছি না। অনেক জায়গায় দ্বিমত হচ্ছে, আইএমএফের সঙ্গে দ্বিমত হচ্ছে। কারণ তারা যে শর্ত দিচ্ছে, তা আমাদের অর্থনীতি ও জনগণের জন্য উপযুক্ত নয়।

তিনি আরও বলেন, সরকার প্রয়োজনীয় ‘কোর্স কারেকশন’ করবে, তবে তা নির্বাচনী ইশতেহার ও জনস্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। ইশতেহারের বাইরে গিয়ে কিছু করা সম্ভব নয়,—বলেন তিনি।

অর্থমন্ত্রী জানান, সরকার অর্থনীতিতে গতি ফেরাতে এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে। বেসরকারি খাতকে শক্তিশালী করাকে বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার হিসেবেও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, পাঁচ কিস্তিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছ থেকে বাংলাদেশ ৩৬৪ কোটি ডলারের ঋণ পেয়েছে। এখনও বাকি রয়েছে ১৮৬ কোটি ডলার। গত বছরের ডিসেম্বরে ষষ্ঠ কিস্তির অর্থ ছাড়ের কথা থাকলেও আইএমএফ জানিয়েছিল, নির্বাচিত সরকারের সঙ্গে আলোচনা সাপেক্ষে বাকি অর্থ ছাড় করা হবে।

তবে ঋণের অবশিষ্ট অর্থ ছাড়ের আগে রাজস্ব আদায়সহ বিভিন্ন সংস্কার কার্যক্রমে অগ্রগতি দেখতে চায় সংস্থাটি। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আইএমএফের নির্ধারিত বেশ কিছু শর্ত এখনো পুরোপুরি বাস্তবায়ন হয়নি।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪