| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পুঁথিগত নয়, শিক্ষার্থীদের উদ্ভাবনী ও দক্ষতায় মনোযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মে ১২, ২০২৬ ইং | ১২:৪১:২৩:অপরাহ্ন  |  ৪৬২ বার পঠিত
পুঁথিগত নয়, শিক্ষার্থীদের উদ্ভাবনী ও দক্ষতায় মনোযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: পুঁথিগত শিক্ষায় সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের উদ্ভাবনী ও দক্ষতাভিত্তিক শিক্ষায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শুধু প্রচলিত পাঠ্যভিত্তিক শিক্ষা নিয়ে এগোলে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়বে।

মঙ্গলবার (১২ মে) বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) জাতীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মশালার উদ্বোধন করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার মেধা পাচার নয়, বরং মেধাকে দেশের ভেতরেই কাজে লাগিয়ে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা করতে চায়। শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে, যাতে তারা ভবিষ্যতে দক্ষ ও উদ্ভাবনী শক্তিতে বিকশিত হতে পারে।

তিনি আরও বলেন, শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনের ঘাটতির কারণে দেশে বেকারত্বের হার বেশি। এ কারণেই একাডেমিক সিলেবাসকে সময়োপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তারেক রহমান জানান, প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত কারিকুলাম নতুন করে সাজানো এখন সময়ের দাবি। কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইনোভেশন গ্রান্ট দেওয়ার পরিকল্পনাও সরকারের রয়েছে। পাশাপাশি স্কুল পর্যায় থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

সরকারপ্রধান বলেন, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রাণ, আর অ্যালামনাইরা তার মেরুদণ্ড। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা দেশে-বিদেশে প্রতিষ্ঠিত হয়েছেন। তাদের শিক্ষা ও গবেষণা উন্নয়নে সম্পৃক্ত করার জন্য তিনি শিক্ষাবিদদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, প্রতিবছর উচ্চশিক্ষা নিয়ে বিপুলসংখ্যক শিক্ষার্থী বের হলেও তাদের একটি বড় অংশকে বেকার থাকতে হচ্ছে। এর প্রধান কারণ হিসেবে তিনি একাডেমিক শিক্ষার পাশাপাশি প্রয়োজনীয় দক্ষতার অভাবকে উল্লেখ করেন।

তারেক রহমান আরও বলেন, বর্তমান সরকার মনে করে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত শিক্ষা কারিকুলাম ঢেলে সাজানো এখন সময়ের দাবি। নৈতিক মূল্যবোধসম্পন্ন কর্মমুখী শিক্ষা ছাড়া বেকারত্ব নিরসন সম্ভব নয় এবং বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকাও কঠিন।

তিনি জানান, উচ্চশিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী করতে সরকার ইতোমধ্যে এপ্রেন্টিসশিপ, ইন্টার্নশিপ এবং ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। বিভাগীয় শহরগুলোর বিশ্ববিদ্যালয় ও স্থানীয় শিল্প-প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ের মাধ্যমে এই কার্যক্রম শুরু করা হচ্ছে।

তার মতে, এসব উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন করবে, যা তাদের কর্মজীবনে প্রবেশের আগেই দক্ষ করে তুলবে এবং বেকারত্ব কমাতে সহায়তা করবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪