রিপোর্টার্স২৪ ডেস্ক: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থান বাঙালির ইতিহাসে একটি অনুপ্রেরণার অধ্যায় হিসেবে যুগ যুগ ধরে স্মরণীয় হয়ে থাকবে।
মঙ্গলবার (১২ মে) জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।
স্পিকার বলেন, এই জাদুঘর গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে কাজ করবে। তিনি আরও বলেন, ইতিহাসের এই অধ্যায় ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
তিনি অভিযোগ করেন, অতীত রাজনৈতিক প্রেক্ষাপটে সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে, যা ইতিহাসে নথিভুক্ত থাকবে। তার ভাষায়, “এই জাদুঘর প্রমাণ করবে গণতন্ত্রের জন্য মানুষ হাসিমুখে জীবন দিতে পারে।”
এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হবে “ফ্যাসিস্ট শাসন থেকে মুক্তির প্রতিচ্ছবি”।
অন্যদিকে পরিদর্শনকালে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় জানান, জাদুঘরটি জুলাই মাসের শেষ কিংবা আগস্টের প্রথম দিকে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে।
জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরকে কেন্দ্র করে রাজনৈতিক ও ঐতিহাসিক গুরুত্বের বিষয়গুলো নিয়ে আলোচনা চলমান রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
রিপোর্টার্স২৪/ঝুম