বাগেরহাট প্রতিনিধি: দীর্ঘ আট বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল–এর বাগেরহাট জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোল্লা আতিকর রহমান রাসেল–কে সভাপতি, নিয়ামুল কবির রাহুল–কে সাধারণ সম্পাদক এবং শেখ আল মামুন–কে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) মধ্যরাতে ছাত্রদলের ভেরিফায়েড ফেসবুক পেজে আনুষ্ঠানিকভাবে এ কমিটি প্রকাশ করা হয়।
ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির স্বাক্ষরিত অফিসিয়াল প্যাডে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবঘোষিত কমিটির অন্যান্য নেতাদের মধ্যে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি শামিম শিকদার, সহ-সভাপতি শেখ মাইদুল ইসলাম মিন্টু ও রানা দিদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফকির মোহাম্মদ হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিব এবং যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফাহিম শাহরিয়ার রাব্বি।
এর আগে বাগেরহাট জেলা ছাত্রদলের সর্বশেষ কমিটি ঘোষণা করা হয়েছিল প্রায় আট বছর আগে। দীর্ঘ সময় নতুন কমিটি না হওয়ায় সংগঠনের কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে পড়েছিল বলে অভিযোগ ছিল তৃণমূল নেতাকর্মীদের।
নতুন নেতৃত্ব ঘোষণার মাধ্যমে সংগঠনের স্থবিরতা কাটিয়ে নতুন উদ্যমে কার্যক্রম পরিচালিত হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট নেতাকর্মীরা।
রিপোর্টার্স/এসএন