| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২৭তম বিসিএস বঞ্চিত আরও ৯৬ জনকে নিয়োগ

reporter
  • আপডেট টাইম: মে ১৩, ২০২৬ ইং | ১৩:০৯:১১:অপরাহ্ন  |  ৯০৭ বার পঠিত
২৭তম বিসিএস বঞ্চিত আরও ৯৬ জনকে নিয়োগ

রিপোর্টার্স২৪ ডেস্ক: দীর্ঘদিন অপেক্ষার পর ২৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ আরও ৯৬ জন বঞ্চিত প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (১৩ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশের ভিত্তিতে এসব প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

নিয়োগপ্রাপ্তদের আগামী ১৮ মে’র মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগের নির্ধারিত কার্যালয়ে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। যদি সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ থেকে নতুন কোনো নির্দেশনা না দেওয়া হয়, তবে ওই তারিখেই তাদের যোগদান সম্পন্ন করতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে সংশ্লিষ্ট প্রার্থী চাকরিতে যোগদানে অনিচ্ছুক বলে বিবেচিত হবেন এবং তার নিয়োগপত্র বাতিল হয়ে যাবে।

এতে উল্লেখ করা হয়, নিয়োগপ্রাপ্তদের জ্যেষ্ঠতা সংরক্ষণের স্বার্থে তাদের ব্যাচের প্রথম নিয়োগ প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ভূতাপেক্ষিকভাবে এই নিয়োগ কার্যকর হবে। একইসঙ্গে ব্যাচের প্রথম নিয়োগপ্রাপ্তদের যোগদানের তারিখ থেকে তাদের ধারণাগত জ্যেষ্ঠতাও বহাল থাকবে। তবে এ কারণে তারা কোনো বকেয়া আর্থিক সুবিধা পাবেন না বলেও জানানো হয়েছে।

উল্লেখ্য, ২৭তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষায় তিন হাজার ৫৬৭ জন প্রার্থী উত্তীর্ণ হন। পরে ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ওই মৌখিক পরীক্ষার ফল বাতিল করে পুনরায় মৌখিক পরীক্ষা গ্রহণ করে।

পরবর্তীতে প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে উত্তীর্ণ প্রার্থীরা আদালতে রিট আবেদন করেন। ২০০৮ সালের ৩ জুলাই হাইকোর্ট প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিলকে বৈধ ঘোষণা করেন। পরে ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন রিট আবেদনকারীরা।

এর ধারাবাহিকতায় গত বছরের ২০ ফেব্রুয়ারি নিয়োগবঞ্চিত এক হাজার ১৩৭ জনকে নিয়োগ দেওয়ার নির্দেশ দেন আপিল বিভাগ। পরে ১৮ ডিসেম্বর ৬৭৩ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪