| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রতিবন্ধীদের কর্মক্ষম জনগোষ্ঠীতে রূপান্তরের আহ্বান

reporter
  • আপডেট টাইম: মে ১৫, ২০২৬ ইং | ০৬:০৩:১৮:পূর্বাহ্ন  |  ৯৫৩১০ বার পঠিত
প্রতিবন্ধীদের কর্মক্ষম জনগোষ্ঠীতে রূপান্তরের আহ্বান

রিপোর্টার্স২৪ডেস্ক: প্রতিবন্ধীদের সমাজের ওপর নির্ভরশীল জনগোষ্ঠী নয়, বরং কর্মক্ষম ও উৎপাদনশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন সরকারের নীতিনির্ধারক, চিকিৎসক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বৃহস্পতিবার রাজধানীর কড়াইলের এরশাদ মাঠে আয়োজিত ‘প্রতিবন্ধী স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন কার্যক্রম’ শীর্ষক অনুষ্ঠানে তারা বলেন, প্রতিবন্ধিতা মোকাবিলা শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নয়; শিক্ষা, সমাজকল্যাণ, স্থানীয় সরকারসহ সব মন্ত্রণালয় এবং সমাজের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ও জিয়াউর রহমান ফাউন্ডেশন-এর ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার।

প্যানেল আলোচনায় অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, ‘স্পেশাল চাইল্ড’দের বোঝা নয়, সম্পদ হিসেবে দেখতে হবে। সমাজে প্রতিবন্ধীদের প্রতি নেতিবাচক মানসিকতা বদলানোর ওপর গুরুত্বারোপ করে তিনি দ্রুত শনাক্তকরণ ও চিকিৎসাসেবার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, করুণা নয়, প্রতিবন্ধীদের দক্ষতা উন্নয়নের সুযোগ তৈরি করতে হবে। তিনি প্রতিটি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রকে প্রতিবন্ধীবান্ধব করার আহ্বান জানান।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান জানান, শারীরিক ও মানসিক প্রতিবন্ধী ৬৩ জনের জন্মনিবন্ধনের ব্যবস্থা করা হয়েছে এবং চিকিৎসাসেবায়ও সহায়তা দেওয়া হচ্ছে।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেন, প্রতিবন্ধীদের শিক্ষা, থেরাপি, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থান নিশ্চিত করতে সরকার কাজ করছে। একইসঙ্গে ভুয়া প্রতিবন্ধী স্কুল বন্ধে ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, সরকারি-বেসরকারি সব ভবনে র‍্যাম্প ও আলাদা টয়লেটসহ প্রতিবন্ধীবান্ধব অবকাঠামো বাধ্যতামূলক করা হবে। এছাড়া প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফিজিওথেরাপি সেবা চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।

অনুষ্ঠানে জানানো হয়, প্রথমে ১০টি এলাকায় পাইলট প্রকল্প চালু করা হবে। পরে ধাপে ধাপে দেশের সব উপজেলায় এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪