স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তর শাখার সদস্যসচিব সর্দার আমিরুল ইসলাম দল ছাড়ার ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তাকে বহিষ্কার করেছে এনসিপি। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে রোববার (১৭ মে) দিবাগত রাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
রাত পৌনে একটার দিকে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত বহিষ্কারাদেশের চিঠিতে বলা হয়, গত ৩ মার্চ তাকে কারণ দর্শানোর নোটিশ ও সতর্কবার্তা দেওয়া হয়েছিল। এরপরও তিনি পুনরায় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত হন, যা দলীয় নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে তাকে দলের সব সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির সদস্যসচিব পদ থেকেও বহিষ্কার করা হয়েছে।
এর আগে বিকেলে নিজের ফেসবুক পোস্টে এনসিপি ছাড়ার ঘোষণা দেন সর্দার আমিরুল ইসলাম। তিনি লেখেন, দলের প্রাথমিক আদর্শ ও মধ্যপন্থি রাজনৈতিক দর্শনে আকৃষ্ট হয়ে গত বছরের জুনে এনসিপিতে যোগ দিয়েছিলেন। তবে নির্বাচনকালীন সময়ে ডানপন্থি জোটে যোগদান এবং পরবর্তী সময়েও দলে ডানপন্থার প্রভাব বাড়তে থাকায় তিনি হতাশ হন।
পোস্টে তিনি দাবি করেন, গত দুই মাস ধরে তিনি রাজনৈতিক কার্যক্রম থেকে নিষ্ক্রিয় ছিলেন এবং পদত্যাগপত্রও জমা দিয়েছিলেন। কিন্তু দলের শীর্ষ নেতৃত্ব তা গ্রহণ না করে পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছিল। শেষ পর্যন্ত মতাদর্শগত দ্বন্দ্ব ও রাজনৈতিক কৌশল নিয়ে মতভেদের কারণে দলের সঙ্গে আর সম্পৃক্ত থাকা সম্ভব নয় বলে জানান তিনি।
খোঁজ নিয়ে জানা গেছে, সর্দার আমিরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং একসময় ছাত্রদলের কেন্দ্রীয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। গত বছরের মাঝামাঝি সময়ে তিনি এনসিপিতে যোগ দেন। তার ছোট ভাই শাহরিয়ার আলম সাম্য সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে হত্যাকাণ্ডের শিকার হন।
রিপোর্টার্স২৪/বাবি