স্টাফ রিপোর্টার: দেশের পুঁজিবাজার, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)সহ আর্থিক খাতের বিভিন্ন প্রতিষ্ঠানকে দ্রুত সময়ের মধ্যে বিকেন্দ্রীভূত করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার (২০ মে) রাজধানীর কারওয়ান বাজারে ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল আয়োজিত এক সামিটে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতি গত কয়েক বছর ধরে অস্থিরতার মধ্য দিয়ে গেছে এবং এ সময়ে অনেক আর্থিক প্রতিষ্ঠান কার্যকারিতা হারিয়েছে। ফলে কাঙ্ক্ষিত অর্থনৈতিক স্থিতিশীলতা ব্যাহত হয়েছে।
তিনি আরও বলেন, “ব্যক্তি নিজেকে ব্যাংকের মালিক দাবি করতে পারেন না। ব্যাংকের মালিকানা শেয়ারহোল্ডারদের, আর ব্যাংকের অর্থ আমানতকারীদের।”
একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, অতীতে দেশের আর্থিক রিপোর্টিং ব্যবস্থায় স্বচ্ছতার ঘাটতি ছিল। এতে সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।
তিনি আরও বলেন, সম্পদের সঠিক মূল্যায়ন ছাড়াই বড় বড় ঋণ দেওয়ার কারণে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে এবং একের পর এক আর্থিক কেলেঙ্কারির ঘটনা ঘটেছে।
আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং স্বচ্ছতা নিশ্চিত করাই এখন সময়ের দাবি বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা।
রিপোর্টার্স২৪/ঝুম