স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরে অবৈধ বস্তি উচ্ছেদ অভিযান চালাতে গিয়ে হামলার মুখে পড়েছেন পুলিশ সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে প্রাণ বাঁচাতে ঘটনাস্থল থেকে দৌড়ে পালাতে দেখা যায় অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যদের। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
বুধবার (২০ মে) দুপুরে মিরপুরের কালশীর বাউনিয়াবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, অবৈধ স্থাপনা উচ্ছেদে পুলিশ ও সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা যৌথভাবে অভিযান পরিচালনা করতে গেলে স্থানীয় বস্তিবাসীরা বাধা দেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ সদস্যদের লক্ষ্য করে হামলা চালানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বাউনিয়াবাঁধ এলাকার ওই বস্তিতে প্রায় ১০ থেকে ১৫ হাজার মানুষের বসবাস। বাসিন্দাদের অভিযোগ, কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই প্রশাসন তাদের ঘরবাড়ি ভাঙা শুরু করে। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন বস্তিবাসীরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অভিযানের একপর্যায়ে বিপুলসংখ্যক বস্তিবাসী একযোগে পুলিশের দিকে ধেয়ে আসেন। পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাস্থল থেকে দৌড়ে সরে যেতে থাকেন পুলিশ সদস্যরা। এ সময় তাদের পিছু ধাওয়া করতে দেখা যায় বিক্ষুব্ধ জনতাকে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে এ বিষয়ে পুলিশ বা সিটি করপোরেশনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
রিপোর্টার্স২৪/ঝুম