| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাজেট হোক দরিদ্র মানুষের উন্নয়নের নৈতিক দলিল: সিআইপিজি

reporter
  • আপডেট টাইম: মে ২০, ২০২৬ ইং | ১৭:০৮:৫৬:অপরাহ্ন  |  ১০১৪ বার পঠিত
বাজেট হোক দরিদ্র মানুষের উন্নয়নের নৈতিক দলিল: সিআইপিজি

স্টাফ রিপোর্টার: আসন্ন জাতীয় বাজেটকে শুধু সংখ্যাতাত্ত্বিক প্রবৃদ্ধির হিসাব নয়, বরং দরিদ্র ও সাধারণ মানুষের উন্নয়নের একটি ‘নৈতিক দলিল’ হিসেবে প্রণয়নের আহ্বান জানিয়েছেন দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ, নীতিনির্ধারক ও বিশেষজ্ঞরা।

বুধবার (২০ মে) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে সেন্টার ফর ইনক্লুসিভ পলিসি অ্যান্ড গভর্নেন্স (সিআইপিজি) আয়োজিত ‘স্বাস্থ্য, শিক্ষা ও কৃষি খাতে বাজেট ও নৈতিকতা’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সাবেক মহাহিসাব নিরীক্ষক ও অর্থ সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী বলেন, মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয়হীনতা বাজেট বাস্তবায়নের অন্যতম বড় বাধা। এর ফলে বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে ব্যবহৃত হচ্ছে না।

তিনি প্রশাসনিক দুর্নীতি ও অদক্ষতাকে কর আদায়ের লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থতার কারণ হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি সংবিধানের ৫৯ ও ৬০ অনুচ্ছেদের আলোকে উপজেলা পর্যায়ে স্বতন্ত্র বাজেট ও পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে স্থানীয় সরকারকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

সেমিনারের প্রধান আলোচক বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহ বলেন, বর্তমান অর্থনৈতিক ব্যবস্থায় জনগণের সম্পদ প্রায়ই ধনিক শ্রেণির হাতে কেন্দ্রীভূত হচ্ছে।

তিনি কৃষিজমিতে অপরিকল্পিত আবাসন নির্মাণ বন্ধ এবং শিশুদের পুষ্টি নিশ্চিতের মাধ্যমে সুস্থ জাতি গঠনের আহ্বান জানান। একই সঙ্গে যোগ্য শিক্ষক নিয়োগ ও কার্যকর মূল্যায়ন ব্যবস্থার মাধ্যমে শিক্ষার মানোন্নয়নের তাগিদ দেন।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ কে এম ওয়াহিদুজ্জামান। তিনি দেশের শিক্ষা ব্যবস্থার বিভাজন—সরকারি, বেসরকারি, ইংরেজি মাধ্যম ও মাদ্রাসা—নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় STEM শিক্ষা ও গবেষণার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, স্বাস্থ্যসেবার ব্যয় মেটাতে গিয়ে সাধারণ মানুষ আর্থিক সংকটে পড়ছে। তাই স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা এবং সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা (ইউএইচসি) নিশ্চিত করা জরুরি।

সেমিনারে সংসদ সদস্য নুরুন্নবী সামদানী শাওন নারী ও শিশুদের নিরাপত্তার জন্য বাজেটে সুস্পষ্ট পরিকল্পনা অন্তর্ভুক্ত করার দাবি জানান।

দৈনিক নয়া দিগন্তের সম্পাদক মাসুদ মজুমদার জলবায়ু পরিবর্তনের কারণে খাদ্য নিরাপত্তা ঝুঁকির বিষয়টি তুলে ধরে গবেষণা ও দুর্যোগ সহনশীল শস্য উদ্ভাবনের ওপর জোর দেন।

সাবেক সচিব ড. মো. কাইরুল ইসলাম স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও কর্মসংস্থান খাতকে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দেন।

সিআইপিজির চেয়ারম্যান অধ্যাপক ড. মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং সাবেক অতিরিক্ত সচিব ড. খুরশীদ আলমের সঞ্চালনায় আয়োজিত সেমিনারে আরও বক্তব্য দেন সাবেক সচিব ও কৃষিবিদ ড. প্রফেসর মেসবাহুল ইসলাম এবং বিশিষ্ট চিকিৎসক ডা. মোহাম্মদ রুহুল আমিন।

বক্তারা অপ্রয়োজনীয় প্রকল্প ব্যয় ও বাজেট অপচয় কমিয়ে মানবসম্পদ উন্নয়নে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪