রিপোর্টার্স ডেস্ক: দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক গণমাধ্যমেও আলোচিত গোলাপি আভার বিরল অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে কোরবানির জন্য নিয়ে যাওয়া হয়েছে পুরান ঢাকায়। তার আগে ৭০০ কেজি ওজনের মহিষটি কেজি প্রতি ৫৫০ টাকা দরে মোট ৩ লাখ ৮৫ হাজার টাকায় বিক্রি করা হয়।
সোমবার নারায়ণগঞ্জ শহরের ‘রাবেয়া অ্যাগ্রো ফার্মে’ মহিষটিকে মখমলের কাপড় জড়িয়ে, লাল গালিচায় হাঁটিয়ে এবং রঙিন ধোঁয়া উড়িয়ে বিদায় দেওয়া হয়। বিরল প্রজাতির এই পশুটি কিনেছেন রাজধানীর পুরান ঢাকার জিন্দাবাহার (জিঞ্জিরা) এলাকার বাসিন্দা মোহাম্মদ সামির।
খামার কর্তৃপক্ষ জানায়, ১০ মাস আগে রাজশাহী সিটি হাট থেকে এই বিরল প্রজাতির মহিষটি কেনা হয়েছিল। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চুলের ধরনের সঙ্গে মহিষটির মাথার চুলের মিল থাকায় আদর করে এর নাম রাখা হয় ‘ডোনাল্ড ট্রাম্প’। সামাজিক যোগাযোগ মাধ্যমে এর ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে রাতারাতি তা দেশ-বিদেশে ভাইরাল হয়ে যায়।
দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ের কারণে খামারের স্বাভাবিক কাজ ব্যাহত হওয়ায় এর আগে খামার মালিক মহিষটি বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছিলেন। তবে গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে দাম পরিশোধ করে ক্রেতা মহিষটি নিয়ে যান। বিদায়ের আগে সেটিকে বিশেষ নিয়মে গোসল করিয়ে, সাজিয়ে লাল গালিচার ওপর দিয়ে হাঁটিয়ে ঢাকার উদ্দেশ্যে ট্রাকে তোলা হয়।
মহিষটির বিক্রির বিষয়ে রাবেয়া অ্যাগ্রো ফার্মের স্বত্বাধিকারী জিয়াউদ্দিন মৃধা বলেন, মহিষটিকে বিদায় দিতে মন খারাপ লাগলেও কোরবানি তো ত্যাগের জন্যই। মহিষটির কারণে আমাদের নারায়ণগঞ্জ ভাইরাল হয়েছে, এতে আমরা অনেক খুশি।
এদিকে ক্রেতা মোহাম্মদ সামির জানান, আলোচিত এই ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষটিকে দেখার জন্য তার এলাকার মানুষজন দারুণ উৎসুক হয়ে অপেক্ষা করছেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব