| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বন্দি বিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে ফেরাতে সব ধরনের পদক্ষেপ নেবে সরকার: আইনমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৮, ২০২৬ ইং | ১২:১৬:৪০:অপরাহ্ন  |  ১৮৪০৬৪ বার পঠিত
বন্দি বিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে ফেরাতে সব ধরনের পদক্ষেপ নেবে সরকার: আইনমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। এ ক্ষেত্রে ভারত সরকার শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

রোববার (৮ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে বিচারকদের অংশগ্রহণে আয়োজিত ‘জুডিসিয়াল ইন্টিগ্রিটি ওয়ার্কশপে’ বক্তব্য দিতে গিয়ে আইনমন্ত্রী এসব কথা বলেন। একই অনুষ্ঠানে আগামী ১৯ নভেম্বর আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা-সংক্রান্ত মামলার রায়ে বাংলাদেশ ন্যায়বিচার পাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

বিচার বিভাগের সততা ও জবাবদিহি প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, বিচারকদের ক্ষেত্রে ‘সৎ বিচারক’ শব্দটি ব্যবহার করা এক ধরনের অতিরঞ্জন। কারণ, একজন ব্যক্তি বিচারক হিসেবে দায়িত্ব গ্রহণ করার অর্থই হলো তাঁর কাছে সততা ও নিরপেক্ষতা প্রত্যাশিত। এটি বিচারকদের প্রতি জনগণের স্বাভাবিক প্রত্যাশা এবং বিচার বিভাগের অন্যতম মৌলিক ভিত্তি।

তবে বিচার বিভাগের সততা নিয়ে আলোচনা করতে গিয়ে শুধু আর্থিক দুর্নীতির বিষয়টি বিবেচনায় নিলে চলবে না বলে মন্তব্য করেন তিনি। তাঁর মতে, আর্থিক দুর্নীতির পাশাপাশি বুদ্ধিবৃত্তিক দুর্নীতির বিষয়টিও গুরুত্বের সঙ্গে সামনে আনতে হবে।

আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগে হাতে গোনা কয়েকজন বিচারক হয়তো আর্থিক দুর্নীতিতে জড়িত হয়েছেন। তবে যাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, তাঁদের বিষয়ে সরকার ও প্রধান বিচারপতি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের চেষ্টা করছেন। কিন্তু বিচার বিভাগের সংকটের অন্যতম বড় জায়গা হচ্ছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি। তাঁর মতে, আর্থিক দুর্নীতির তুলনায় বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বাংলাদেশের বিচার বিভাগ ও দেশের জন্য অনেক বেশি ক্ষতিকর হয়েছে।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশকে (টিআইবি) উদ্দেশ করে আইনমন্ত্রী বলেন, বিচারকদের আর্থিক দুর্নীতির পাশাপাশি যাঁরা বুদ্ধিবৃত্তিকভাবে পক্ষপাতদুষ্ট এবং যাঁদের কর্মকাণ্ডের কারণে সুপ্রিম কোর্ট প্রশ্নবিদ্ধ হয়েছে, তাঁদের বিষয়েও কথা বলা উচিত। একই সঙ্গে বিচারকদের পেশাগত নিষ্ঠা, পরিশ্রম, সততা এবং প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দায়িত্ব পালনের বিষয়গুলো তুলে ধরতে হবে।

বিচারকদের জীবনযাত্রার নানা সীমাবদ্ধতার কথা তুলে ধরে তিনি বলেন, মফস্বলের একজন বিচারক সরকারি বাসা ব্যবহার করলে তাঁর বেতনের ৪০ শতাংশ পর্যন্ত বাড়িভাড়া হিসেবে কেটে নেওয়া হয়। অথচ অনেক ক্ষেত্রে এর চেয়ে কম খরচে অন্য বাসা ভাড়া নিয়ে সেখান থেকে রিকশায় আদালতে যাতায়াত করেন তাঁরা। প্রতিদিন সন্ত্রাসী ও মাদক কারবারিদের সাজা দিয়ে আবার সেই রিকশায় করেই বাসায় ফেরেন। বিচারকদের এমন জীবনযাপন, দায়িত্ববোধ ও সততার দৃষ্টান্তও গণমাধ্যমে তুলে ধরা প্রয়োজন।

আইনমন্ত্রী আরও বলেন, অধস্তন আদালতের বিচারকদের একটি বড় অংশ দেশের মেধাবী তরুণদের মধ্য থেকে নিয়োগ পান। তাঁরা সকাল ৯টা থেকে রাত ৮টা-৯টা পর্যন্ত নিরলসভাবে কাজ করেন। অথচ তাঁদের রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা, বেতন কাঠামো ও সামাজিক মর্যাদা রক্ষার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। বিচারকদের ইতিবাচক দিকগুলো সামনে এলে বিচার বিভাগের প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়বে।

বিচার বিভাগের স্বাধীনতা প্রসঙ্গে আসাদুজ্জামান বলেন, বিচার বিভাগের পৃথক সচিবালয় প্রতিষ্ঠা এবং এর স্বাধীনতা নিশ্চিত করার বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সংবিধান সংশোধনের মাধ্যমে এ ক্ষেত্রে প্রয়োজনীয় পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে বিচারিক পর্যালোচনার ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করা জরুরি। কোনো কোনো ক্ষেত্রে বিচারিক পর্যালোচনার নামে ক্ষমতার অতিরিক্ত প্রয়োগ হয়েছে, যা জনগণের স্বার্থের বিপরীতে গেছে।

এ প্রসঙ্গে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের উদাহরণ টেনে আইনমন্ত্রী বলেন, ওই রায় বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করেছে এবং দেশকে ফ্যাসিবাদের দিকে ঠেলে দেওয়ার প্রক্রিয়ায় ভূমিকা রেখেছে। তাঁর মতে, এটি আর্থিক দুর্নীতির ফল নয়; বরং বুদ্ধিবৃত্তিক দুর্নীতির একটি উদাহরণ।

তিনি বলেন, অতীতের বিভিন্ন সময়ে বিচার বিভাগ নাগরিকের অধিকার রক্ষায় প্রত্যাশিত ভূমিকা পালন করতে পারেনি। সালাউদ্দিনের গুমের ঘটনা এবং মির্জা সুলতান রাজার মামলার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে আবেদন করা হলেও সংশ্লিষ্ট ব্যক্তিদের সুরক্ষা দিতে বিচার বিভাগ ব্যর্থ হয়েছিল। রক্ষীবাহিনীর হাতে গুমের শিকার ব্যক্তিদের ক্ষেত্রেও বিচার বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে।

মুক্তিযুদ্ধ ও বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে আইনমন্ত্রী বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছে এবং গণহত্যায় জড়িত ছিল, তাদের বিরুদ্ধে যেমন সোচ্চার হতে হবে, তেমনি পরবর্তী বিভিন্ন আন্দোলন ও সংগ্রামে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধেও কথা বলতে হবে।

এ সময় তিনি ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ জাফর, জয়নায়াল, দীপালী সাহা, কাঞ্চন, রাউফুন বসুনিয়া, জিহাদ ও ডা. মিলনের নাম উল্লেখ করেন। পাশাপাশি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আবু সাঈদ, মুগ্ধ ও আনাসসহ ১ হাজার ৪০০-এর বেশি মানুষ হত্যার শিকার এবং প্রায় ৩০০ জন পঙ্গুত্ববরণ করেছেন বলে জানান তিনি। এসব হত্যাকাণ্ডের জন্য দায়ীদের বিরুদ্ধেও সোচ্চার হওয়ার সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান আইনমন্ত্রী।

তিনি আরও বলেন, সমাজকে বুদ্ধিবৃত্তিকভাবে বিভক্ত করে ফেলা হয়েছে। বুদ্ধিজীবীদের একটি অংশ জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহত ব্যক্তিদের বিষয়ে নীরব রয়েছেন। এ ধরনের নীরবতা থেকে বেরিয়ে এসে সব ধরনের হত্যাকাণ্ড, অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার হওয়া প্রয়োজন। বিচার বিভাগের সততা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি এর বুদ্ধিবৃত্তিক দুর্নীতির বিষয়টিও আলোচনায় আনতে হবে।

বিচারকদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, বিচারকদের নিজেদের সচিব বা প্রজাতন্ত্রের অন্য কর্মচারীদের সঙ্গে তুলনা করা উচিত নয়। এ ক্ষেত্রে ঐতিহাসিক মাজদার হোসেন মামলার রায় এবং ওয়ারেন্ট অব প্রিসিডেন্সের বিষয়টি তাঁদের মনে রাখা প্রয়োজন। কারণ, বিচারকেরা রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করেন।

তিনি বলেন, বিপদে পড়া একজন মানুষ প্রথমে সৃষ্টিকর্তার কাছে সাহায্য চান। এরপর ন্যায়বিচারের আশায় বিচার বিভাগের দ্বারস্থ হন। ফলে বিচারকদের দায়িত্ব হচ্ছে মানুষের সেই আস্থা, বিশ্বাস ও প্রত্যাশার যথাযথ মর্যাদা রক্ষা করা।

আইনমন্ত্রী আরও বলেন, বিচারকদের নিজেদের মর্যাদা, ব্যক্তিগত সম্মান এবং বিচার বিভাগের ভাবমূর্তি রক্ষার নৈতিক দায়িত্ব রয়েছে। জনগণের কাছে দৃশ্যমান, নির্মোহ ও বুদ্ধিবৃত্তিক পক্ষপাতমুক্ত ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। বিচার বিভাগকে এমন একটি প্রতিষ্ঠানে পরিণত করতে হবে, যেখানে মানুষ নির্ভয়ে ন্যায়বিচার পাওয়ার প্রত্যাশা করতে পারে।

সংবিধান সংশোধনের উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে টিআইবিসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে গঠনমূলক প্রস্তাব গ্রহণে সরকার আগ্রহী। আগামী ১০ দিনের মধ্যে লিখিত সুপারিশ জমা দেওয়া হলে তা পর্যালোচনা করা হবে। জাতীয় মানবাধিকার কমিশন গঠনের প্রক্রিয়াতেও টিআইবির বেশ কিছু সুপারিশ গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত বিচারকদের উদ্দেশে আইনমন্ত্রী আরও বলেন, বিচার বিভাগের প্রতি সাধারণ মানুষের মধ্যে যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে, তা দূর করার দায়িত্ব সরকার ও বিচারক—উভয় পক্ষের। বিচারকেরা যদি সততা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করেন, তাহলে বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনা সম্ভব হবে। একটি স্বাধীন, স্বচ্ছ ও জনআস্থাভিত্তিক বিচার বিভাগ প্রতিষ্ঠাই সরকারের প্রত্যাশা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪