স্টাফ রিপোর্টার: ফোনকলে হত্যার হুমকি পাওয়ার অভিযোগ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ডা. মাহমুদা মিতু। গত সাত দিন ধরে সরাসরি ফোনকল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
এসব হুমকির পেছনে ভারতের কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নাম ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন এই সংসদ সদস্য। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন মাহমুদা মিতু।
একই পোস্টের সঙ্গে হুমকির কয়েকটি স্ক্রিনশটও প্রকাশ করেন তিনি। সেগুলোর মধ্যে ভারতীয় নম্বর থেকে লরেন্স বিষ্ণোই পরিচয়ে পাঠানো হুমকির বার্তা রয়েছে বলে দাবি করেছেন এনসিপির এই নেত্রী।
এছাড়াও গত বৃহস্পতিবার জাতীয় সংসদে আবেগপ্রবণ হয়ে পড়া এবং একপর্যায়ে মেজাজ হারানোর কারণও তুলে ধরেন মাহমুদা মিতু।
তিনি লেখেন, সংসদে প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। একপর্যায়ে নিজের মেজাজও নিয়ন্ত্রণে রাখতে পারেননি। শত শত শহীদের রক্ত, আহতদের ত্যাগ এবং হান্নান মাসুদের মতো জুলাই আন্দোলনের সমন্বয়ক ও নাহিদ ইসলামের মতো এক দফার ঘোষকের আত্মত্যাগের বিনিময়ে এই সংসদ প্রতিষ্ঠিত হয়েছে। অথচ তাদের সঙ্গে যুক্তিতে না পেরে সংসদেই তুই-তুকারি এবং ‘বেয়াদব’ বলে অপমান করা হচ্ছে। যুক্তিতে না পারলেই কাউকে বেয়াদব আখ্যা দেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
সংসদে জুলাই আন্দোলনের সমন্বয়ক হান্নান মাসুদকে বারবার ‘বস, বস’ ও ‘বেয়াদব’ বলে সম্বোধনের প্রসঙ্গ তুলে মিতু আরও লেখেন, তখন তিনি চিৎকার করে বলছিলেন, হত্যার হুমকি ও বাড়িতে আগুন দেওয়ার মতো ঘটনা তো তাদের সঙ্গেই ঘটে। আঁতাত করে চলা ব্যক্তিরা কীভাবে বুঝবেন, বাবা-মা, সন্তান ও নিজের নিরাপত্তা অনিশ্চিত রেখে রাজনীতি করতে কতটা সাহসের প্রয়োজন?রাজনৈতিক খবর পড়ুন
নিজের নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, গত সাত দিন ধরে সরাসরি ফোনকল ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছেন। এর আগেও এমন হুমকির মুখে পড়েছেন তিনি। এসব বিষয় প্রকাশ করলেও নুসরাতের ঘটনার মতোই তা গুরুত্বহীন করে দেখানোর চেষ্টা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন এই সংসদ সদস্য।
ফেসবুক পোস্টে শহীদ ওসমান হাদির একটি বক্তব্যও স্মরণ করেন মাহমুদা মিতু। তিনি লেখেন, ‘হাদি বলে গেছে, যতক্ষণ পর্যন্ত আমাদের ঘাড়ে-মাথায় গুলি না লাগবে, ততক্ষণ কারও গায়ে লাগবে না!’
উল্লেখ্য, লরেন্স বিষ্ণোই ভারতের একজন কুখ্যাত গ্যাংস্টার। বলিউড অভিনেতা সালমান খানকে হত্যার হুমকি এবং পাঞ্জাবি সংগীতশিল্পী সিধু মুস ওয়ালার হত্যাকাণ্ডের পরিকল্পনার সঙ্গে তার নাম জড়িয়েছে। হত্যা ও চাঁদাবাজিসহ তার বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব