| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এটিএম বুথে টাকা সংকট, ভোগান্তিতে গ্রাহকরা

reporter
  • আপডেট টাইম: মে ২৭, ২০২৬ ইং | ০১:৪৭:২৬:পূর্বাহ্ন  |  ৩২৯ বার পঠিত
এটিএম বুথে টাকা সংকট, ভোগান্তিতে গ্রাহকরা

স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নগদ টাকার চাহিদা বেড়ে যাওয়ায় রাজধানীর বিভিন্ন এলাকায় এটিএম বুথে টাকা সংকটে পড়েছেন গ্রাহকরা। কোথাও বুথে টাকা নেই, কোথাও আবার অন্য ব্যাংকের কার্ড ব্যবহার করে টাকা তোলা যাচ্ছে না। ফলে এক বুথ থেকে আরেক বুথে ঘুরেও ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।

মঙ্গলবার (২৬ মে) রাজধানীর মিরপুর, পল্লবী, আগারগাঁও ও পূরবী এলাকার বিভিন্ন এটিএম বুথ ঘুরে এমন চিত্র দেখা গেছে। অনেক বুথে ‘আউট অব সার্ভিস’ নোটিশ ঝুলতে দেখা যায়। আবার কিছু বুথ চালু থাকলেও সীমিত পরিমাণ টাকা তোলার সুযোগ দেওয়া হচ্ছে।

পূরবীতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির একটি এটিএম বুথে রাত ৮টার দিকে টাকা তুলতে গিয়ে কয়েকজন গ্রাহককে ফিরে যেতে দেখা যায়। বুথের নিরাপত্তাকর্মী জানান, বুথে কোনো টাকা নেই।

একই এলাকায় উত্তরা ব্যাংক, সিটি ব্যাংক, ট্রাস্ট ব্যাংক ও ব্যাংক এশিয়ার কয়েকটি বুথেও গ্রাহকদের হতাশ হয়ে ফিরতে দেখা যায়। পূরবীর মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকর একটি বুথে দায়িত্বরত নিরাপত্তাকর্মী মতিন জানান, বুথে কোনো টাকা না থাকায় কেউ টাকা তুলতে পারছেন না।

বর্ধিত পল্লবীতে ব্র্যাক ব্যাংকর বুথে টাকা তুলতে আসা রিচি শারমিন নামে এক গ্রাহক বলেন, ঈদের আগে এমন ভোগান্তিতে আগে কখনও পড়েননি।

এদিকে ডাচ্-বাংলা ব্যাংক ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকর কয়েকটি বুথের সামনে দীর্ঘ লাইন দেখা গেছে। অন্যদিকে ইসলামী ব্যাংকসহ কয়েকটি বুথ বন্ধ পাওয়া যায়।

মাহবুব নামে এক গ্রাহক জানান, তিনি অন্তত ৮ থেকে ১০টি বুথ ঘুরেও টাকা তুলতে পারেননি। কোথাও বুথে টাকা নেই, কোথাও আবার প্রযুক্তিগত ত্রুটি দেখাচ্ছে। এছাড়া এক ব্যাংকের কার্ড দিয়ে অন্য ব্যাংকের বুথ থেকেও টাকা তোলা যাচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

মিরপুর-১১ নম্বরে সোহাগ সরকার নামে এক গ্রাহক জানান, তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের বুথ থেকে ৫০ হাজার টাকা তুলতে চাইলেও ২৮ হাজার টাকার বেশি তুলতে পারেননি।

এক নারী গ্রাহক অভিযোগ করেন, এক লাখ টাকা তোলার চেষ্টা করার পর মেশিনে ত্রুটি দেখা দেয়। অন্যদিকে ডাচ্-বাংলা ব্যাংকের এক গ্রাহক বলেন, অন্য ব্যাংকের কার্ড ব্যবহার করে ৫ হাজার টাকার বেশি তোলা যাচ্ছে না। একই ধরনের অভিযোগ পাওয়া গেছে ইস্টার্ন ব্যাংক পিএলসির কিছু বুথ নিয়েও।

আগারগাঁওয়ের আইডিবি ভবনের পাশের ডাচ্-বাংলা ব্যাংকের বুথে গিয়ে দেখা যায়, সেখানে কোনো টাকা নেই। গ্রাহকরা টাকা তুলতে না পেরে ফিরে যাচ্ছেন।

কোরবানির ঈদের আগে সাধারণত বাজারে নগদ টাকার চাহিদা বেড়ে যায়। পশু কেনাবেচাসহ বিভিন্ন খরচ মেটাতে মানুষ ব্যাংক থেকে বেশি পরিমাণ টাকা উত্তোলন করেন। এ কারণে ব্যাংকগুলোও বাংলাদেশ ব্যাংকে সংরক্ষিত হিসাব থেকে অতিরিক্ত নগদ অর্থ তুলে থাকে।

দীর্ঘ লাইনের ঝামেলা এড়াতে অনেকে এটিএম বুথের ওপর নির্ভরশীল হলেও এবার অন্য ব্যাংকের কার্ড ব্যবহার করে টাকা তোলার সীমা কমিয়ে দেওয়ায় গ্রাহক ভোগান্তি আরও বেড়েছে বলে অভিযোগ উঠেছে।

এর আগে গত ২১ মে বাংলাদেশ ব্যাংক সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো এক নির্দেশনায় ঈদের ছুটিতে এটিএম বুথ, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস, ইন্টারনেট ব্যাংকিং, পয়েন্ট অব সেলস (পিওএস), কিউআর কোড ও অনলাইন পেমেন্ট সেবায় নিরবচ্ছিন্ন কার্যক্রম নিশ্চিত করতে বলেছিল। পাশাপাশি কোথাও কারিগরি ত্রুটি দেখা দিলে দ্রুত সমাধানের নির্দেশও দেওয়া হয়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪