স্টাফ রিপোর্টার: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে একটি অপারেটর ইনফরমেশন সাপোর্ট সিস্টেম (ওআইএসএস) স্থাপন করা হয়েছে। রাশিয়া প্রথমবারের মতো নিজ দেশের বাইরে এ ধরনের অত্যাধুনিক ব্যবস্থা বাস্তবায়ন করল।
রোসাটম অটোমেটেড কন্ট্রোল সিস্টেমস (আরএএসইউ) কমিশনিংয়ের অধীনে থাকা ইউনিট-১ এর ইন্সট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল সিস্টেমে সফলভাবে ওআইএসএস যুক্ত করেছে।
মঙ্গলবার (২৬ মে) নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাছান ‘স্মার্ট অ্যাসিস্ট্যান্ট’ সিস্টেম স্থাপনের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, উন্নত ডিজিটাল সহায়তা ব্যবস্থার এই প্রয়োগ বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপদ ও কার্যকর পরিচালনায় বিশ্বমানের প্রযুক্তি গ্রহণের অঙ্গীকারের প্রতিফলন।
রোসাটমের মিডিয়া উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওআইএসএস প্ল্যান্ট অপারেটরদের জন্য একটি ‘স্মার্ট অ্যাসিস্ট্যান্ট’ হিসেবে কাজ করবে। এটি হাজার হাজার অপারেশনাল প্যারামিটারের রিয়েল-টাইম পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করতে সক্ষম। পাশাপাশি তথ্যের ভিজ্যুয়ালাইজেশন উন্নত করা, সিদ্ধান্ত গ্রহণে সহায়তা এবং পরিচালনগত দক্ষতা ও নির্ভরযোগ্যতা বাড়াতেও ভূমিকা রাখবে।
এ প্রসঙ্গে আন্দ্রেই বুটকো বলেন, অপারেটর ইনফরমেশন সাপোর্ট সিস্টেমটি কর্মীদের রিয়েল টাইমে পাওয়ার ইউনিটের অবস্থা পর্যবেক্ষণ ও বিশ্লেষণে সহায়তা করার জন্য তৈরি করা হয়েছে। তথ্য প্রক্রিয়াকরণকে আরও কার্যকর এবং অপারেটরদের সিদ্ধান্ত গ্রহণে সহায়তার মাধ্যমে এটি পরিচালনগত দক্ষতা ও নির্ভরযোগ্যতা উল্লেখযোগ্যভাবে বাড়াবে।
তিনি আরও বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে এ প্রযুক্তির বাস্তবায়ন বিশ্বব্যাপী পারমাণবিক শক্তি প্রকল্পে উন্নত ডিজিটাল প্রযুক্তি প্রবর্তনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালক ড. মো. কবির হোসেন বলেন, রূপপুর প্রকল্প বাংলাদেশের জ্বালানি খাতের জন্য যুগান্তকারী উদ্যোগ। আধুনিক রিয়্যাক্টর প্রযুক্তির পাশাপাশি ওআইএসএসের মতো উন্নত ডিজিটাল সমাধান একটি শক্তিশালী পরিচালন সংস্কৃতি গড়ে তুলতে এবং প্ল্যান্ট কর্মীদের কার্যকারিতা বাড়াতে সহায়তা করবে।
জানা গেছে, এই সিস্টেমটি কেবল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অনুমোদিত কর্মীদের অভ্যন্তরীণ ব্যবহারের জন্য সীমাবদ্ধ থাকবে।
ওআইএসএস প্রথম পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হয় রাশিয়ার নোভোভোরোনেঝ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। পরে দেশটির অন্যতম আধুনিক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কুর্স্ক এনপিপি-২-এ এটি চালু করা হয়।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রাশিয়ার নকশাকৃত দুটি ভিভিইআর-১২০০ রিয়্যাক্টর রয়েছে, যার সম্মিলিত উৎপাদনক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট। তৃতীয় প্রজন্মের প্লাস প্রযুক্তির এই রিয়্যাক্টর আন্তর্জাতিক নিরাপত্তা মান পূরণ করে। বর্তমানে রাশিয়া ও বেলারুশে এ প্রযুক্তি সফলভাবে ব্যবহৃত হচ্ছে। এছাড়া মিশর, হাঙ্গেরি, তুরস্ক, চীন ও কাজাখস্তানেও অনুরূপ প্রকল্প বাস্তবায়ন করছে রোসাটম।