স্টাফ রিপোর্টার: মাউন্ট এভারেস্ট জয় করলেন বাংলাদেশের নারী পর্বতারোহী নুরুন্নাহার নিম্নি। নিশাত মজুমদার এবং ওয়াসফিয়া নাজরীনের পর তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয় করলেন তিনি।
বুধবার (২৭ মে) নেপালের স্থানীয় সময় ভোর ৫টা ২৪ মিনিটে তিনি এভারেস্টের চূড়া স্পর্শ করেন।
বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব (বিএমটিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই গৌরবময় অর্জনের তথ্য নিশ্চিত করে।
অভিযান ব্যবস্থাপনা সংস্থা ৮কে এক্সপেডিশন-এর অ্যাং তেম্বা শেরপা আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানিয়েছেন।
চূড়ায় আরোহণের পর নিম্নি সেখানে বাংলাদেশের লাল-সবুজ পতাকা উড়িয়েছেন। এ সময় তার সঙ্গে ছিলেন শেরপা দাওয়া নুপুর ও লাকপা থিন্ডুক।
এর আগে এভারেস্ট অভিযানে অংশ নিতে গত ১১ এপ্রিল নেপালের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন নুরুন্নাহার নিম্নি।
এই অভিযানের পরিকল্পনা করেছিল বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব এবং পৃষ্ঠপোষকতা করেছে পূবালী ব্যাংক পিএলসি।
বিএমটিসির সভাপতি ও এভারেস্ট আরোহী ইকরামুল হাসান শাকিল জানান, নিম্নির এই অনন্য কৃতিত্ব বাংলাদেশের পর্বতারোহণের ইতিহাসে এক নতুন অধ্যায় যুক্ত করল।
এর আগে ২০১০ সালের ২৩ মে প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করে ইতিহাস গড়েন মুসা ইব্রাহীম। যদিও তিনি আদৌ এভারেস্টে সামিট করেছেন কি না, এ নিয়ে পর্বতারোহীদের মধ্যে বিতর্ক রয়েছে।
এরপর ২০১১ সালের ২১ মে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে চূড়ায় ওঠেন এম এ মুহিত, যিনি পরবর্তীতে ২০১২ সালের ২০ মে দ্বিতীয়বারের মতো এভারেস্ট জয় করে একমাত্র বাংলাদেশি হিসেবে দুই বার আরোহণের রেকর্ড গড়েন।
২০১২ সালের ১৯ মে প্রথম বাংলাদেশি নারী হিসেবে নিশাত মজুমদার এবং ঠিক এক সপ্তাহ পর ২৬ মে দ্বিতীয় নারী হিসেবে ওয়াসফিয়া নাজরীন এভারেস্ট জয় করেন। পরবর্তীতে ওয়াসফিয়া দেশের একমাত্র পর্বতারোহী হিসেবে বিশ্বের সাতটি মহাদেশের সর্বোচ্চ সাতটি শৃঙ্গ (সেভেন সামিট) জয়ের গৌরব অর্জন করেন।
দীর্ঘ এক যুগের বিরতি কাটিয়ে ২০২৪ সালের ১৯ মে পঞ্চম বাংলাদেশি হিসেবে এভারেস্টের চূড়া স্পর্শ করেন তরুণ চিকিৎসক বাবর আলী। তিনি এর মাত্র দুই দিন পর বিশ্বের চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ লোৎসে জয় করে একই অভিযানে দুটি শীর্ষ শৃঙ্গ আরোহণের অনন্য কীর্তি গড়েন।
২০১২ সালের মে মাসে সজল খালেদ নামের আরেক বাংলাদেশি এভারেস্টের চূড়ায় পৌঁছালেও অবতরণের সময় প্রতিকূল আবহাওয়ায় পড়ে পর্বতগাত্রেই প্রাণ হারান।
রিপোর্টার্স২৪/ধ্রুব