| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদে দেশবাসীর প্রতি আত্মত্যাগ ও মানবকল্যাণের আহ্বান রাষ্ট্রপতির

reporter
  • আপডেট টাইম: মে ২৮, ২০২৬ ইং | ০৬:৩৯:০৮:পূর্বাহ্ন  |  ৪৭০ বার পঠিত
ঈদে দেশবাসীর প্রতি আত্মত্যাগ ও মানবকল্যাণের আহ্বান রাষ্ট্রপতির

স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী ও বিশ্বের মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (২৮ মে) দেওয়া এক বাণীতে তিনি কোরবানির আনন্দ দরিদ্র, বঞ্চিত ও অভাবগ্রস্ত মানুষের সঙ্গে ভাগাভাগি করে মানবকল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, ঈদুল আজহা শুধু মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব নয়, এটি আত্মত্যাগ, আত্মশুদ্ধি এবং হিংসা-বিদ্বেষ ও মনের পশুত্বকে কোরবানি করার এক মহিমান্বিত ও সর্বজনীন আহ্বান।

তিনি বলেন, মহান আল্লাহর প্রতি পরিপূর্ণ আত্মসমর্পণ, অবিচল আনুগত্য এবং সামাজিক সাম্যের মহিমায় সমুজ্জ্বল হয়ে পবিত্র ঈদুল আজহা আবারও আমাদের সামনে এসেছে।

বাণীতে রাষ্ট্রপতি উল্লেখ করেন, মহান আল্লাহর নির্দেশ পালনে হজরত ইবরাহিম (আ.) তার প্রিয় পুত্র হজরত ইসমাইল (আ.)-কে কোরবানি করতে প্রস্তুত হয়ে যে আত্মসমর্পণ, ধৈর্য, বিশ্বাস ও আনুগত্যের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, তা মানবজাতির জন্য চিরন্তন আদর্শ হয়ে রয়েছে। এই ঘটনা মানুষের মধ্যে আল্লাহভীতি, ন্যায়পরায়ণতা ও আত্মত্যাগের শিক্ষা জাগ্রত করে।

তিনি আরও বলেন, কোরবানির মাংস আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও দরিদ্র মানুষের মধ্যে বণ্টনের মাধ্যমে সমাজে সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সাম্য প্রতিষ্ঠিত হয়। একই সঙ্গে কোরবানির ঈদ গরিব মানুষের সারা বছরের আমিষের চাহিদা পূরণে সহায়ক ভূমিকা রাখে এবং দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলে।

রাষ্ট্রপতি নির্ধারিত স্থানে পশু কোরবানি ও কোরবানির বর্জ্য যথাযথভাবে অপসারণের মাধ্যমে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

সবশেষে তিনি মহান আল্লাহর কাছে সবার কোরবানি কবুল হওয়ার প্রার্থনা জানিয়ে বলেন, ঈদুল আজহা বিশ্বব্যাপী শান্তি, সম্প্রীতি, স্থিতি ও কল্যাণ বয়ে আনুক।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪