রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশে বর্তমানে বিদ্যুতের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা থাকায় পরিকল্পিতভাবে লোডশেডিং করার কোনো সুযোগ নেই। তবে প্রাকৃতিক দুর্যোগ বা ঝড়-বৃষ্টির কারণে কোথাও কোথাও সাময়িক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিতে পারে।
বৃহস্পতিবার (২৮ মে) সকালে যশোর ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “দেশে বিদ্যুতের কোনো সংকট নেই। জাতীয় গ্রিডে পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ রয়েছে। ফলে পরিকল্পিত লোডশেডিংয়ের প্রয়োজনও পড়ছে না। তবে ঝড় বা বৈরী আবহাওয়ার কারণে কোনো এলাকায় বিদ্যুৎ সঞ্চালন লাইনে সমস্যা সৃষ্টি হলে সাময়িকভাবে বিদ্যুৎ বিভ্রাট হতে পারে।”
তিনি আরও বলেন, এমন পরিস্থিতিতে দ্রুত বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা নিরলসভাবে কাজ করছেন। জনগণকে সাময়িক অসুবিধার জন্য ধৈর্য ধরারও আহ্বান জানান তিনি।
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে যশোরে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। জেলার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয় প্রথম ঈদের জামাত। এতে বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মুসল্লি অংশ নেন।
ঈদের নামাজে অংশ নেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিরা।
নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। একই স্থানে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয় দ্বিতীয় জামাত।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, যশোরের আটটি উপজেলার ৯৩টি ইউনিয়নে প্রায় সাড়ে ছয় হাজার মসজিদ ও ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ঈদকে কেন্দ্র করে পুরো জেলায় নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি মুসল্লিরা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।
রিপোর্টার্স২৪/ঝুম