| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

reporter
  • আপডেট টাইম: মে ২৮, ২০২৬ ইং | ১২:৩২:৫২:অপরাহ্ন  |  ২৫২৩ বার পঠিত
প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

রিপোর্টার্স২৪ ডেস্ক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং দেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুভেচ্ছা বার্তায় তিনি দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনের কথা তুলে ধরে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন।

বৃহস্পতিবার (২৮ মে) ভারতীয় হাইকমিশন নরেন্দ্র মোদির পাঠানো এই শুভেচ্ছা বার্তা প্রকাশ করে।

শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে নরেন্দ্র মোদি বলেন, আপনাকে এবং বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে ভারতের জনগণ ও সরকারের পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা জানাই।

তিনি বলেন, ঈদুল আজহা শুধু বাংলাদেশের নয়, ভারতেরও সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। ভারতের বিভিন্ন প্রান্তে লাখো মুসলমান ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করেন।

নরেন্দ্র মোদি আরও বলেন, ঈদুল আজহা ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের মহান শিক্ষা দেয়। এই মূল্যবোধ বিশ্বশান্তি ও মানবিক সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

শুভেচ্ছা বার্তায় ভারতীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ ও ভারতের মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়টিও গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন। তিনি বলেন, দুই দেশই যৌথ ত্যাগ, সাংস্কৃতিক ঐতিহ্য এবং শান্তি ও উন্নয়নের অভিন্ন আকাঙ্ক্ষাকে ধারণ করে এগিয়ে চলছে।

বাংলাদেশের সঙ্গে জনমুখী সহযোগিতা আরও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করে নরেন্দ্র মোদি বলেন, জনগণের কল্যাণে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে দুই দেশের সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করতে ভারত কাজ করতে চায়।

চিঠির শেষাংশে বাংলাদেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন তিনি। একইসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনাও জানান ভারতের প্রধানমন্ত্রী।

ঈদুল আজহা উপলক্ষে দুই প্রতিবেশী দেশের মধ্যে শুভেচ্ছা বিনিময়কে কূটনৈতিক সৌহার্দ্য ও পারস্পরিক সম্পর্কের ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪