| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মুসলমানদের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে: স্পিকার

reporter
  • আপডেট টাইম: মে ২৮, ২০২৬ ইং | ১২:৩৬:৪৯:অপরাহ্ন  |  ২০৮৮ বার পঠিত
মুসলমানদের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে: স্পিকার

রিপোর্টার্স২৪ ডেস্ক: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, বর্তমান বিশ্বে মুসলিম রাষ্ট্রগুলো নানা ধরনের নিপীড়ন ও পরাশক্তির চাপের মুখে রয়েছে। মুসলমানদের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে বলেও মন্তব্য করেন তিনি। একইসঙ্গে পবিত্র ঈদুল আজহার ত্যাগের আদর্শ ধারণ করে সমাজে সাম্য, সহমর্মিতা ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান স্পিকার।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে ভোলার লালমোহন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে মুসল্লি, প্রশাসনের কর্মকর্তা এবং রাজনৈতিক নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, বর্তমানে মুসলিম বিশ্বের রাষ্ট্রগুলো পরাশক্তির নির্যাতনের কারণে পীড়িত। মুসলমানদের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। এই পরিস্থিতিতে ঈদুল আজহা আমাদের ত্যাগ, ধৈর্য ও মানবিকতার শিক্ষা দেয়।

তিনি বলেন, দেশের একটি বড় জনগোষ্ঠী এখনও অর্থনৈতিক কষ্টে রয়েছে। সমাজের সচ্ছল মানুষদের অসচ্ছলদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি মহান আল্লাহর কাছে দোয়া করেন, যেন সবাই মিলেমিশে সুখ-দুঃখ ভাগাভাগি করে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে।

নিজ নির্বাচনি এলাকার মানুষের মাঝে ঈদের দিন উপস্থিত হতে পেরে আনন্দ প্রকাশ করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, জাতীয় সংসদের স্পিকার হিসেবে নিজের জন্মস্থানের মানুষের কাছে ফিরে আসা তার জন্য গর্ব ও আনন্দের বিষয়।

তিনি বলেন, আমার দৃঢ় বিশ্বাস, আগামী দিনগুলোতে গণতান্ত্রিক সরকার জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সক্ষম হবে।

একজন মুক্তিযোদ্ধা হিসেবে স্বাধীনতা যুদ্ধের স্মৃতিচারণ করে স্পিকার বলেন, অনেক স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। কিন্তু সেই স্বপ্ন আজও পুরোপুরি বাস্তবায়িত হয়নি।

তিনি আরও বলেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের পর দেশে আবার গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে এসেছে এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার সাধারণ মানুষের কল্যাণে কাজ করবে বলে তিনি আশা করেন।

বর্তমান রাজনৈতিক পরিবেশ প্রসঙ্গে স্পিকার বলেন, দেশে এখন মানুষের মধ্যে আগের মতো আতঙ্ক নেই। মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে এবং রাজনৈতিক বিশ্বাসের কারণে কাউকে নিগৃহীত হওয়ার আশঙ্কায় থাকতে হচ্ছে না।

তার ভাষায়, টাই গণতন্ত্রের সুফল। ভবিষ্যতে বাংলাদেশে গণতন্ত্র স্থায়ী রূপ পাবে এবং কেউ কাউকে নিপীড়ন করতে পারবে না।

ঈদুল আজহা উপলক্ষে লালমোহন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বিপুলসংখ্যক মুসল্লির সমাগম ঘটে। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় লালমোহন উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ভোলার লালমোহনে উদযাপিত হয় পবিত্র ঈদুল আজহা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪